চ্যানেল আইয়ের নজরুল মেলা
গ্রীষ্মের তাপদগ্ধ সাপ্তাহিক ছুটির দিনে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে জমে উঠেছিল নজরুল মেলা। গতকাল সারা দিনই সেখানে ছিল নজরুল-অনুরাগীদের উপস্থিতি। গানে, কবিতায়, নৃত্যে এবং সম্মাননা জানানোর মধ্য দিয়ে তাঁরা উদ্যাপন করেছেন প্রিয় কবির জন্মজয়ন্তী। এ বছর নজরুল মেলায় সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলায় ফেরদৌস আরার হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় এবং এককালীন পাঁচ লাখ টাকার চেক তুলে দেন সংগীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রমুখ। সম্মাননা শেষে ফেরদৌস আরার একটি ভিসিডি ‘প্রথম প্রদীপ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এরপর সোহরাব হোসেন, সুধীন দাশ ও ফেরদৌস আরা নজরুল ইসলামের ‘একি অপরূপ রূপে মা তোমার’ গানটি পরিবেশন করেন।অনুষ্ঠানে আব্বাসউদ্দীন একাডেমির শিশুশিল্পীরা নজরুল ইসলামের ইসলামিক গান পরিবেশন করেন। একক কণ্ঠে গান করেন শবনম মুশতারী, রেবেকা সুলতানা, কল্পনা আনাম, লীনা তাপসী খান প্রমুখ। আবৃত্তি পাঠ করেন কাজী আরিফ, নৃত্য পরিবেশন করে নৃত্যশ্রী।মেলায় নজরুলকে বিষয় করে ছবি আঁকেন বীরেন সোম, মনিরুজ্জামান, রণজিত দাস, আবদুল মান্নান, জাহিদ মোস্তাফা প্রমুখ। এ ছাড়া ছিল শিশুশিল্পীদের তুলিতে নজরুলের চিত্রকর্ম। মেলায় ছিল তাঁতশিল্প, ক্ষুদ্র ও কুটিরশিল্প, নজরুলের স্মৃতিগ্রন্থ, নজরুলের চিত্রকলা, নজরুলসংক্রান্ত ভিডিও সিডি, নজরুলসংগীতের গানের স্টল, নজরুলের চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি।