চ্যানেল আইয়ের সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর এক যুগে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই দেশজুড়ে আয়োজন করেছে আট দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এই উৎসব শুরু হচ্ছে আজ থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।চ্যানেল আই থেকে জানানো হয়েছে, উৎসবের প্রথম দিন আজ বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয়েছে ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আগামীকাল অনুষ্ঠিত হবে ‘শরৎ উৎসব’। সকাল সাতটা ১৫ মিনিট থেকে তা সরাসরি দেখানো হবে। ২৫ সেপ্টেম্বর বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে বাউল গান। এ ছাড়া ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও লোকগানের আসর এবং ছায়ানট মিলনায়তনে নাটক ও গানের অনুষ্ঠান। ২৭ ও ২৮ সেপ্টেম্বর আরও থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী, স্বরচিত কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান এবং জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমিনার। ২৮ ও ২৯ সেপ্টেম্বর থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চ নাটকের প্রদর্শনী। ২৯ ও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হবে ছোটদের চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার, ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শনী। ৩০ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে আবাহনী ও মোহামেডান ক্লাবের সাবেক তারকা খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ। তাঁদের সঙ্গে আরও থাকবেন বিভিন্ন অঙ্গনের তারকারা।