চ্যানেল এস স্টার ২০১০ হলেন মাহফুজ
১২ জুন বিকেল। লন্ডনের রয়েল রিজেন্সি হলে দীর্ঘ লম্বা লাইন। অপেক্ষা, কে হচ্ছেন চ্যানেল এস স্টার ২০১০? দেশের বাইরে প্রথম সংগীতপ্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বলি ফ্ল্যাক্সের নয়ন জুড়ানো কোরিওগ্রাফির সঙ্গে সেরা ১০ প্রতিযোগী এক-এক করে গাইলেন ১০টি মৌলিক গান। গানগুলোর সিডি প্রকাশনা করলেন চ্যানেল এসের চেয়ারম্যান মতিউস সামাদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। উপস্থিত দর্শকদের উৎকণ্ঠার শুরু, হল জুড়ে পিনপতন নীরবতা। চিৎকার-চেঁচামেচির মধ্যে শোনা গেল দ্বিতীয় রানারআপ হয়েছেন শরীফ। প্রথম রানারআপ তালহা আর চ্যানেল এস স্টার মাহফুজ। প্রাইজমানি তুলে দিলেন প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশি রোশনারা আলী, লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র লুৎফর রহমান প্রমুখ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিন বিজয়ী। শরীফ বললেন, ‘আমি অভিভূত। সবাইকে কৃতজ্ঞতা জানাই সহযোগিতার জন্য। আমার মায়ের উৎসাহ আর চ্যানেল এস থেকে পাওয়া এ সুযোগটি আমার জন্য বিশাল কিছু।’ প্রথম রানারআপ তালহা বলেন, ‘আমার পরিবার, অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমাকে সহযোগিতা করেছেন আজকের এই প্রাপ্তিতে। কৃতজ্ঞতা জানাই আমাদের প্রশিক্ষক গৌরী চৌধুরীকে। সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’ এদিকে দেশে বসে ইন্টারনেটে ছেলের গান দেখে, সেরা দশে স্থান পাওয়া—সব মিলিয়ে দূরে থাকতে পারেননি চ্যানেল এস স্টার মাহফুজের মা মমতাজ বেগম। ছুটে এসেছেন ছেলের কাছে। মা আর স্ত্রীকে সঙ্গে নিয়ে মাহফুজ বলেন, ‘এ দুজন আমার মূল অনুপ্রেরণা। আমি খুব খুশি। কৃতজ্ঞতা জানাই দীর্ঘ এক বছর যাঁরা আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, চ্যানেল এস স্টার হওয়া আমার শুরু। আপনাদের সহযোগিতাই একমাত্র পাথেয় শিল্পী মাহফুজ হয়ে উঠতে। আমি প্রাণপণ চেষ্টা করব এ স্বীকৃতি ধরে রাখতে।’সেই সঙ্গে শেষ হলো ৮ জুন ২০১০ শুরু হওয়া রিয়েলিটি শোর অনুষ্ঠান। গ্র্যান্ড ফাইনাল ও চ্যানেল এস স্টার প্রসঙ্গে অনুষ্ঠানে দুই প্রযোজক মো. হাবিবুর রহমান ও আ স ম মাসুম বলেন, ‘আমরা খুবই খুশি। এতটা উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে দীর্ঘ এ আয়োজনটি ভেবে উঠতে পারিনি। আজকের সফল সমাপনী আগামী আয়োজনকে আরও বর্ণাঢ্য বিস্তৃত করে তোলার স্বপ্ন দেখাছে।’