চ্যানেল চ্যানেলে রবীন্দ্রজয়ন্তী
আজ রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে সব কটি টিভি চ্যানেলে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান। তার মধ্য থেকে বাছাই কিছু অনুষ্ঠান দেওয়া হলো এখানে।


রবীন্দ্রজয়ন্তী মেলা
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আজ আয়োজন করেছে ‘রবীন্দ্রজয়ন্তী মেলা’। তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে বেলা ১১টা পঁাচ মিনিটে। মেলার মঞ্চে থাকবে শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ আরও কিছু। রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন অ্যালবাম কোন গগনের তারার মোড়ক খোলা হবে। মেলায় থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। আগেই জানানো হয়েছে, এবার ‘রবীন্দ্রজয়ন্তী মেলা’য় আজীবন সম্মাননা পেয়েছেন রবীন্দ্রগবেষক আহমদ রফিক। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর প্রেম পর্বের গান নিয়ে গুলশান ক্লাবে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান ‘স্যান্ডালিনা-তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। এখানে গান করবেন পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শাকিলা জাফর, চঞ্চল খান, অণিমা রায়, আজিজুর রহমান, নন্দিতা ইয়াসমিন, সেলিনা হুদা এবং সুরের ধারা ও রবিরাগ। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা ও শারমিন লাকী। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এসএ টিভিতে।
