চ্যানেল টোয়েন্টিফোরের উদ্বোধন ও কনসার্ট
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘চ্যানেল টোয়েন্টিফোর’। সাজানো হয়েছে ৪০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর থাকছে শুভেচ্ছা বক্তব্য, মাহমুদুজ্জামান বাবু ও অদিতি মহসিনের গান এবং কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের পরই দেখানো হবে তথ্যচিত্র জার্নি অব চ্যানেল টোয়েন্টিফোর। রাত ১১টা ৩৫ মিনিটে থাকবে এলআরবির কনসার্ট। মহাখালীর ৩৮৭ (দক্ষিণ) তেজগাঁও বাণিজ্যিক এলাকার ঠিকানায় চ্যানেল টোয়েন্টিফোর প্রাঙ্গণে আয়োজিত দুই ঘণ্টার এই কনসার্টটি থাকবে সবার জন্য উন্মুক্ত। টিভিতে তা সরাসরি সম্প্রচার করা হবে। চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ জানান, ২৪ ঘণ্টার এই চ্যানেলে শুরু থেকেই সংবাদ এবং সংবাদভিত্তিক অনুষ্ঠান থাকবে প্রায় ৭০ ভাগ। বাকি অংশে থাকবে বিনোদনমূলক নানা অনুষ্ঠান।