চ্যানেল থেকে চ্যানেলে ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন স্যাটেলাইট চ্যানেলগুলোয় ঈদ বিনোদনের লম্বা সময়ের অনেকটাই দখল করে ফেলেছে সংগীতনির্ভর সরাসরি অনুষ্ঠান। আর এ ধরনের অনুষ্ঠান দেশে মধ্যরাত অবধি জেগে, আর প্রবাসে ব্যস্ত সময়ের ফাঁকে প্রচুর দর্শক যে প্রিয় শিল্পীর গান উপভোগ করেন; ফোনে সরাসরি তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর প্রমাণ।এবারও ঈদে প্রথম ছয় দিন বেশ কয়েকটি চ্যানেলেই ছিল সংগীতনির্ভর সরাসরি অনুষ্ঠান। এ আয়োজন শুরু হয় ঈদের রাত থেকেই। প্রতিদিনই রাত সাড়ে ১১টার পর সরাসরি গানের অনুষ্ঠানগুলো প্রচার করেছে চ্যানেলগুলো। আর একই সময় এ ধরনের আয়োজন শুরু করায় আমার মতো ক্ষুদ্র দর্শকের কোন চ্যানেল বা কোন শিল্পীর গান শুনব—এই দোটানায় পড়তে হয়েছে প্রতিদিনই। বাধ্য হয়ে তখন এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ছোটাছুটি করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই এ আলোচনায় কিছুটা ছন্দপতন থাকবে; তা আগেই বলে নিচ্ছি। ঈদের দিন বৈশাখী টিভির আয়োজনে ‘সময় কাটুক গানে গানে’ শিল্পী ছিলেন ফাহমিদা নবী। সরাসরি অনুষ্ঠানটি শুরু হয় রাত ১২টায়। প্রায় একই সময় দেশ টিভিতে ছিলেন নকুল কুমার বিশ্বাস। একদিকে ফাহমিদা নবীর ভালোবাসা ও বিরহের গান, অন্যদিকে নকুলের তীর্যকপূর্ণ চটকদার গান। ছোটাছুটি করেই দেখতে হলো দুটো আয়োজন। বৈশাখী টিভির ওই দিন শব্দ নিয়ন্ত্রণে কিছুটা ত্রুটি থাকায় গান শুনে মজা পাওয়া যায়নি। পরদিনই আর টিভির স্টুডিও কনসার্টে আবার দেখা মিলল ফাহমিদা নবীর। তবে সেদিন তিনি একা ছিলেন না। সঙ্গে ছিলেন হায়দার হোসেন। একই দিন বৈশাখী টিভিতে ছিলেন শিল্পী তপন চৌধুরী। দীর্ঘদিন পর তাঁকে সরাসরি অনুষ্ঠানে পেয়ে বৈশাখী টিভিতেই আটকে থাকতে হলো। ১২টা থেকে রাত তিনটা অবধি তিনি গান পরিবেশন করেন। টিভির পর্দায় দেখে অনেক শিল্পীই তপন চৌধুরীর সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং শুভকামনা জানান। এ তালিকায় ছিলেন শিল্পী সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, আগুন, বাদশা বুলবুল, গীতিকার লিটন অধিকারী রিন্টুসহ আরও অনেকেই। শিল্পীর প্রতি শিল্পীর এই আন্তরিকতা প্রশংসনীয়। তবে বিজ্ঞাপন বিরতিতে বৈশাখী টিভি থেকে বেশ কয়েকবার ছুটে গেছি আরটিভিতে। যতটুকুই দেখা হয়েছে, তাতে বলার অপেক্ষা রাখে না যে আগের দিন ফাহমিদা নবী উতরে না গেলেও হায়দার হোসেন এদিন ছিলেন বেশ প্রাণবন্ত এবং দুজনই গানে গানে বেশ জমিয়েছেন।তৃতীয় দিনও বেশ দোটানায় পড়তে হয়েছিল। বৈশাখী টিভিতে ছিলেন দুই শিল্পী। প্রথম এক ঘণ্টা দখলে ছিল শিল্পী কনক চাঁপার। আর পরের এক ঘণ্টা ছিল শিল্পী সুবীর নন্দীর। অন্যদিকে আরটিভিতে ছিলেন শিল্পী বারী সিদ্দিকী। তিনজনই আমার পছন্দের শিল্পী। তাই কিছুক্ষণ দুই চ্যানেলে ছোটাছুটি করতে হলো। কখনো বারী সিদ্দিকী, কখনো কনক চাঁপা। একটু না বললেই নয়, মাথায় টুপি পরে বারী সিদ্দিকীর গান পরিবেশন কিছুটা দৃষ্টিকটুই লেগেছে। সে যাই হোক, একসময় স্থির হতে হলো বৈশাখী টিভিতে। কারণ, তখন পর্দায় শিল্পী সুবীর নন্দী। মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা হয়ে তাঁর গানগুলো উপভোগ করেছি। এদিন তাঁর কণ্ঠ যেন আরও বেশি হূদয় ছুঁয়ে গেছে। সুবীর নন্দীর পরিবেশন যখন শেষ, তখন রিমোট ঘুরিয়ে দেশ টিভিতে গিয়ে পাওয়া গেল নগরবাউল জেমসকে। দরাজ গলায় জেমস শুনিয়ে যাচ্ছেন তাঁর প্রিয় গানগুলো। তাঁর ভক্ত-শ্রোতাদেরও নিরাশ করেননি। মধ্যরাতে জেমস গানের ডালি শেষ করেন তাঁর গাওয়া গ্যাংস্টার ছবির হিন্দি গান ‘ভিগি ভিগি রাতে ভিগি ভিগি ইয়াদে’ গানটি দিয়ে।চতুর্থ দিন বৈশাখী টিভিতে আবার পাওয়া গেল বারী সিদ্দিকীকে। একই সময় আরটিভিতে উপস্থিত ন্যান্সি ও আরেফিন রুমী। একদিকে মাটির গান, অন্যদিকে তারুণ্যঘেরা এই সময়ের গান।শেকড়ের গান বরাবরই আমাকে টানে। বারী সিদ্দিকীর গানে রয়েছে সেই আবেদন। তবু কখনো কখনো তারুণ্য আমাকে টেনেছে। সেই টানে তারুণ্য হূদয়ও ছুঁয়ে গেছে বটে।পঞ্চম দিন পত্রিকার মাধ্যমে জানা গেল, বেশ কয়েকটি চ্যানেলে থাকবেন মমতাজ। তবে সরাসরি থাকছেন বৈশাখী টিভিতে। সন্ধ্যা থেকে রাত অবধি তাতে পাওয়া গেল বিটিভি, এটিএন, চ্যানেল আই ও সরাসরি বৈশাখীতে। মমতাজের গানেও মাটির গন্ধ। তবে বৈশাখীর সরাসরি আয়োজনে সঞ্চালক দিনাত জাহানের অনুরোধে মমতাজ বেহালা বাজিয়ে তাঁর ‘মরার কোকিলে’ গানটি গেয়ে শোনান। তিনি যে ভালো বেহালা বাজাতে পারেন, এ তথ্যটি হয়তো আমার মতো অনেক দর্শক-শ্রোতার অজানাই ছিল। একই দিন আরটিভিতে ছিল ব্যান্ড ফিডব্যাক। যতটুকুই দেখেছি, তাতে এ কথা বলা যায়, মাকসুদবিহীন ফিডব্যাকের গানগুলো ততটা হূদয় ছুঁতে পারেনি। দেশ টিভিতে একই সময় এদিন ছিলেন ওপার বাংলার শিল্পী স্বপন বসু। সময় নিয়ে তাঁর গান শুনতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। ষষ্ঠ দিন রাতে বৈশাখী টিভিতে ন্যান্সিকে নিয়ে হাজির এস আই টুটুল। তবে এদিন টুটুল ততটা প্রাণবন্ত ছিলেন না, যতটা ছিলেন ন্যান্সি। অন্যদিকে আরটিভিতে গিয়ে পাওয়া গেল শিল্পী মমতাজকে। তাঁর সঙ্গে সঞ্চালক হিসেবে পাওয়া গেল মাহী বি চৌধুরীকে। মমতাজের যে কটি গান এদিন শুনেছি, প্রতিটিই ছিল মারফতি ও দেহতত্ত্বের গান। তিনি গানের ফাঁকে ফাঁকে সেই গানের মর্মার্থও বয়ান করে গেলেন। অদ্ভুত! বিজ্ঞাপন বিরতির ফাঁকে দেশ টিভিতে গিয়ে পাওয়া গেল কলকাতার জনপ্রিয় ব্যান্ড ভূমিকে। এ দেশে যে তাঁদের অনেক ভক্ত-শ্রোতা আছে, সেটা একটু পরপর প্রচুর দর্শক-শ্রোতার ফোনকলই প্রমাণ রেখেছে। সেই দলে আমাদের শিল্পী আনুশেহও ছিলেন। প্রায় সব চ্যানেলের সরাসরি আয়োজন যখন শেষ, তখন একুশে টিভিতে গিয়ে পাওয়া গেল ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুকে। তিনি তাঁর এলআরবিকে নিয়ে তখনো গান করে যাচ্ছেন। ঘুমচোখে তবু বসে পড়ি। ঘুম উবে গেল। তারপর কখন জানালা দিয়ে ভোরের সূর্য ঘরে ঢুকে গেছে, টের পাইনি।সপ্তম দিন রাতে বৈশাখী টিভিতে আবারও দেখা মিলল এলআরবি ও আইয়ুব বাচ্চুর সঙ্গে। রাত তিনটা পর্যন্ত সেদিনও তাঁর গান শুনে তাঁকে একটি ধন্যবাদ দিয়ে একটি কথাই বলতে ইচ্ছে করে, এত মনোবল আর ধৈর্য আইয়ুব বাচ্চু কোথায় পান?সবশেষে একটি আয়োজন নিয়ে না বললেই নয়। এটি সরাসরি না হলেও আয়োজনটি ব্যতিক্রম বলেই কিছু বলা। বিটিভিতে ঈদের তৃতীয় দিন দুই শিল্পী তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎকে নিয়ে ‘কথায় ও গান’ নামের একটি অনুষ্ঠান প্রচার হয়েছিল। সেদিন অনুষ্ঠানটি দেখা হয়নি। তবে ১৮ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠানটি পুনঃপ্রচার হওয়ার সুবাদে দেখার সৌভাগ্য হয়েছিল। শিল্পী, গীতিকার, সুরকারদের উপস্থিতিতে দুই শিল্পীর এ আয়োজনটির মধ্যে ছিল নতুনত্ব। দুজন শিল্পী একসঙ্গে, একমঞ্চে যে আন্তরিকতা নিয়ে গান পরিবেশন করলেন, তা এককথায় অসাধারণ। বিটিভিকে এ ধরনের ব্যতিক্রমী একটি আয়োজনের জন্য সাধুবাদ।