চ্যানেল নাইনে আইপিএল
আবারও মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। আইপিএলের এটি ষষ্ঠ আসর। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের কথা চিন্তা করে আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও সবগুলো খেলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে চ্যানেল নাইন। এরই মধ্যে আইপিএল প্রচারের সব ধরনের প্রস্তুতিও তাঁরা শেষ করেছেন। চ্যানেল নাইন সূত্রে জানা গেছে, ১১টি ভেন্যু থেকে সবমিলিয়ে ৭৬টি খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। এছাড়াও ২ এপ্রিল ২০১৩ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে এটিও তাঁরা সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বলে জানান। জানা গেছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, শিল্পী পিট বুল প্রমুখ। অনুষ্ঠানে আরও থাকবে ফায়ার ওয়ার্কস, নাচ, গান, ম্যাজিক শো ইত্যাদি।আইপিএলে এবারের আসরে মোট নয়টি দল অংশগ্রহণ করবে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিল, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওয়ারিয়রস, রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।