চ্যানেল নাইনে আইপিএল
আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কলকাতার ইডেন গার্ডেনে আজ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এরই মধ্যে জানা গেছে, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, পিটবুল প্রমুখ। জমকালো এই অনুষ্ঠানে আরও থাকবে চায়নিজ ফ্লাইং ড্রামার, ফায়ার ওয়ার্ক, নাচ, গান, জাদুসহ নানা কিছু। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।এদিকে চ্যানেল নাইন কর্তৃপক্ষ জানিয়েছে, আইপিএলের খেলাগুলো শুরু হচ্ছে কাল ৩ এপ্রিল থেকে। আগামী ২৬ মে পর্যন্ত মোট ৭৬টি খেলা ১১টি ভেন্যু থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডারস, মুম্বাই ইন্ডিয়ানস, পুনে ওয়ারিয়ারস, রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু ও সানরাইজারস হায়দরাবাদ।