চ্যানেল নাইনে বর্ণমেলা সরাসরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ প্রথম আলো আয়োজন করেছে বর্ণমেলা। ঢাকায় এই আয়োজন করা হয়েছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আর চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। মেলার উদ্বোধন হবে সকাল নয়টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। পুরো আয়োজনটি ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
এই আয়োজনে ঢাকায় গান করবেন কুমার বিশ্বজিৎ, মিতা হক, ফাহমিদা নবী, অদিতি মহসীন, বাপ্পা মজুমদার, কনা, বিমান চন্দ্র বিশ্বাস, কোনাল, সাব্বির, মুহিন, নিশিতা, লিজা, কর্ণিয়া, সুরের ধারা, জাগরণ, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও চিরকুট। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, ছড়া পাঠ করবেন মাহমুদা আক্তার, গল্প বলবেন তামান্না তিথি। নাচ করবে নৃত্যাঞ্চল।
চট্টগ্রামে গান করবে রক্তকরবী, উদীচী, অভ্যুদয়, রন্টি দাস, পুলক, হৈমন্তী, বেলী ও মানস পাল চৌধুরী। আবৃত্তি করবে বোধন ও প্রমা।
দুই স্থানেই আরও থাকবে মূকাভিনয়, জাদু, পাপেট শোসহ নানা কিছু। থাকবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলোও। পুরো আয়োজনটি উন্মুক্ত থাকবে।