
মার্চ মাস স্বাধীনতার মাস। এবারও এ মাসজুড়ে বিভিন্ন চ্যানেল স্বাধীনতা ঘিরে আয়োজন ও প্রচার করেছে বিভিন্ন অনুষ্ঠান। আর এ সপ্তাহে আমরা পেরোলাম স্বাধীনতা দিবস, অর্থাৎ ২৬ মার্চ। কাজেই স্বাধীনতা দিবস ঘিরে আয়োজিত দুটি গানের অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের টিভি-আলোচনা।
২৩ মার্চ রাত ১১টায় আরটিভিতে সরাসরি প্রচারিত হলো গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। অনুষ্ঠানে শিল্পী ছিলেন লুইপা, রাজীব ও লিজা। তিনজনই নবীন ও প্রতিশ্রুতিশীল। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দেশাত্মবোধক গান দিয়ে। তিনজনের পরিবেশনার মাঝে তিনটি বৈশিষ্ট্য লক্ষ করা গেছে। সংগীত িশল্পী লুইপার পরিবেশনা ছিল ধীরস্থির ও শান্ত অভিব্যক্তিতে সুরে অবগাহন। সে তুলনায় রাজীব ছিলেন কিছুটা অস্থির। আর লিজার পরিবেশনা ছিল সজাগ ও পরিশ্রমী। লিজা চেষ্টা করেছেন অধিকাংশই নিজের গান গাইতে। এ জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। পাশাপাশি লুইপা ও রাজীব গেয়েছেন অন্যের জনপ্রিয় গান। তবে তিনজনের গানই মুগ্ধ করেছে শ্রোতাদের।
এর একদিন পর ২৪ মার্চ রাত ১১টায় নাবিলার উপস্থাপনায় বৈশাখী টিভিতে সরাসরি প্রচারিত হলো আরেকটি গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। এখানে ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ও লুইপা। এটিও ছিল মূলত দেশের গানের অনুষ্ঠান। গান পরিবেশনের পাশাপাশি ইন্দ্রমোহন রাজবংশীর একাত্তরের স্মৃতিচারণা এবং অভিজ্ঞতা ও অনুভূতির বিবরণ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছিল। তবে তাঁর গানের সেই দরাজ কণ্ঠটি যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথাও কোথাও সুরেও গলা লাগছিল না। আবার মাঝে মাঝে দমেও কুলিয়ে উঠতে পারছিলেন না। তবু তাঁর আন্তরিকতা ছিল আকর্ষণীয়। পাশাপাশি লুইপার পরিবেশনা ছিল আগের দিনের মতোই ধীরস্থির ও শান্ত সজীব।
২৩ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে মাবরুর রশীদের রচনা ও পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি অল অ্যাবাউট লাভ। ছবির গল্পটি সংক্ষেপে এ রকম। আনিলা রাগের মাথায় বিয়ে করে ফেলে আসিফকে। তারপর এক বাসায় দুজন আলাদা থাকে, আলাদা আলাদা ঘরে। কিন্তু আবার খায় একত্রে। আনিলা রান্না পারে না, আসিফ তাকে রান্না করে খাওয়ায়। প্রতি সকালে নক করে। অফিসে যায়। আর আনিলা আগের প্রেমিকের সঙ্গে সারা দিন বেড়ায়। একদা আসিফের ডায়েরি পড়ে আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে যায় আনিলা। এরপর শেষে তার জন্মদিনে আসিফ যখন গিফট হিসেবে তার কাঙ্ক্ষিত ডিভোর্স লেটার দেয় এবং তার প্রেমিক যখন তাকে নিয়ে যেতে চায়, তখন সে প্রেমিককে প্রত্যাখ্যান করে চলে আসে আসিফের কাছে।
গল্পটি অতিনাটকীয় এবং আসিফ চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে, তা অবিশ্বাস্য ও অবাস্তব। খুবই শ্রুতিকটু লেগেছে যে, বাংলা টেলিছবি এবং বাংলাদেশের চ্যানেলে প্রচারিত হচ্ছে অথচ নাম ইংরেজি অল অ্যাবাউট লাভ। শুধু তা-ই নয়, ছবিতে যে দু-তিনটি গান ব্যবহৃত হয়েছে তা-ও সব ইংরেজি গান। অপূর্ব ছাড়া সবার অভিনয়ই ছিল কমবেশি দুর্বল। তবে একটি প্রশংসা পরিচালক পেতেই পারেন তা হলো, নির্মাণটি ছিল পরিচ্ছন্ন।
সবশেষে ২৬ মার্চ রাত ৮টায় চ্যানেল আইয়ে প্রচারিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ নাটক পাতকী। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। নাটকে নবীন শিক্ষক সজল গ্রাম থেকে শহরে আসে তার বাবার বন্ধু অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা জালাল সাহেবের বাসায়। উদ্দেশ্য ব্যানবেইজের একটি সার্টিফিকেট লাভ, না হলে বছর পেরিয়ে যায়, কিন্তু তার বেতন হয় না। ঢাকা এসে পদে পদে নিগ্রহের শিকার হয় সে। ঘুষখোর অফিসার ও দালালের দ্বারা নাজেহাল হয় সজল। শেষে জালাল সাহেব গিয়েও হন অপমানিত ও নিগৃহীত। যে কারণে হৃদ্রোগে তিনি মারাও যান। অবশেষে তাঁর মেয়ে সানজিদা প্রীতি ও সজলেরা মিলে এর প্রতিশোধ নেয়। ঘুষখোর অফিসারকে গুলি করে মেরে সানজিদা হয় পাতকী। এই হলো গল্প।
বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমে প্রচারের জন্য নাটকটি ছিল যথার্থ ও সময়োপযোগী। যদিও নাটক হিসেবে পাতকী ছিল নানা দুর্বলতা ও নানা ত্রুটি-বিচ্যুতিতে ভরা। যেমন কিছু কিছু দৃশ্যে উদ্ভট সংলাপ, অতিনাটকীয়তা, গল্পে অবাস্তবতা ইত্যাদি। কিন্তু তারপরও বলা যায়, জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের জন্য নাটকটি ছিল প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক। স্বাধীনতা দিবসে এমন একটি নাটক প্রচারের জন্য পরিচালক ফেরদৌস হাসান ও চ্যানেল আইকে ধন্যবাদ।