চ্যানেলগুলোতে রাবীন্দ্রিক আয়োজন
কাল শুক্রবার বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের প্রায় সব স্যাটেলাইট টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এটিএন বাংলা কাল সকাল সাড়ে আটটা থেকেই বিশেষ অনুষ্ঠান প্র্রচার করবে। শিশুদের জন্য অনুষ্ঠান ছাড়াও রয়েছে বিশেষ অনুষ্ঠান গীতাঞ্জলি বিশ্বময়, জমিদার কবি রবীন্দ্রনাথ ও কালিগ্রাম পরগনা। সাইদুল আনাম টুটুলের পরিচালনায় বিশেষ নাটক বলাই ও উমা প্রচার হবে রাত আটটায়। নাটকটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, রোকেয়া প্রাচী, প্রেরণা, ঐশ্বর্য, স্বচ্ছ প্রমুখ। চ্যানেল আই প্রচার করবে টেলিফিল্ম শেষের রাত্রি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, পারভীন সুলতানা দিতিসহ অনেকেই। সৈয়দ সালাহউদ্দিন জাকি পরিচালিত খোকাবাবুর প্রত্যাবর্তন নাটকটি প্রচার করা হবে এ দিন। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও দীপা খন্দকার। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান ‘মুক্ত আমি রুদ্ধ দ্বারে’ ও প্রচার করবে চ্যানেল আই। এনটিভিতে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘মিউজিক ইউফোনি’। এতে গান গাইবেন পাপিয়া সারোয়ার ও জলি রহমান। স্বকণ্ঠে রবীন্দ্রনাথ—এটি তথ্য ও আলেখ্যচিত্রের অনুষ্ঠান। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রনাথের নিজের কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি ও গানের উপস্থাপন। উপস্থাপনা করেছেন অপি করিম।সকাল নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের শেষের লেখা। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় ও অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে নাট্যাংশ পরিবেশন করেছে উদীচী নাট্যদল। হাসান আরিফ ও দিলীপ চক্রবর্তী পাঠ করেছেন রবীন্দ্রনাথের শেষ লেখা থেকে। আছে আলেখ্যানুষ্ঠান ‘এই দিনে দেখি তারে’। ফয়েজ রেজার প্রযোজনায়, মুস্তাফা নুরউল ইসলামের উপস্থাপনা অনুষ্ঠানে গান গেয়েছেন শিল্পী লিলি ইসলাম এবং আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, কেয়া চৌধুরী ও সাকিলা মতিন মৃদুলা। ফেরদৌস হাসানের নাট্যরূপ ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম শুভদৃষ্টি। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান ও ফারাহ রুমা প্রমুখ। প্রচারিত হবে ‘আমি সুদূরের পিয়াসি’। নানা চিঠিপত্র, গান ও কবিতা থাকবে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ধারা বর্ণনা ও স্টিল ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতিময় দৃশ্য। মো. মুজাক্কেরের পরিকল্পনায় ও স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পী সাদী মহম্মদ। আবৃত্তি করেছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও নায়লা তারান্নুম কাকলী এবং গান গেয়েছেন শিল্পী শামা রহমান। শুভ্র উজ্জ্বলের চিত্রনাট্য ও পরিচালনায় প্রচার করা হবে নাটক দৃষ্টিদান। নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, চিত্রলেখা গুহ, খাইরুল ইসলাম প্রমুখ।রবিঠাকুরের প্রয়ান উপলক্ষে একুশে টিভি প্রচার করবে অনুষ্ঠান ‘তুমি কি কেবলই ছবি’। এতে গান পরিবেশন করেছেন অদিতি মহসীন, নন্দিতা ইয়াসমিন, অনিমা রায় ও সেলিমা হোসেন সীমা। বিশেষ সংগীতানুষ্ঠান ‘তুমি রবে নীরবে’ মোট চারটি গান নিয়ে সাজানো হয়েছে। আর অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সুমনা হক।রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘রবিবার’ গল্প অবলম্বনে কাজী জাহিদ নির্মাণ করেছেন নাটক রবিবার। প্রচারিত হবে রাত নয়টা ৩০ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিন্দু, রওনক হাসানসহ অনেকে। বিশেষ অনুষ্ঠান ‘তবু বিহঙ্গ’। মহাসীনা রহমানের প্রযোজনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক, আবৃত্তিকার ও সংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আরিফ ও নাট্যনির্মাতা আতিকুল হক চৌধুরী। ‘শ্রাবণ ঘন বরষে’ নৃত্যানুষ্ঠানটি প্রচার করা হবে আজ। অনুষ্ঠানটিতে চারটি দলীয় পরিবেশনা রয়েছে। নৃত্য পরিবেশন করেছেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট নৃত্যশিল্পীরা।বাংলাভিশন প্রচার করবে রবিঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ডিটেকটিভ। কাওনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির অভিনয় শিল্পীরা হলেন আবুল কালাম আজাদ, মিলি, শুভ প্রমুখ। আরও আছে রোকেয়া প্রাচীর উপস্থাপনায় ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান’, নিয়ে অনুষ্ঠান ‘চলনবিল রবীন্দ্রযাত্রী’। আছে জোতিকা জোতি, শশী ও শান্তার অংশগ্রহণে ‘রবীন্দ্রনাথ ও তাঁর ছোটগল্পের নারী চরিত্র’। এই লভিনু সঙ্গ তব অনুষ্ঠানে এই প্রজন্মের শিল্পী ন্যান্সি, মাহাদী, মিলা ও দীপ্তরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন। শিল্পী সাদী মোহাম্মদ, পাপিয়া সারোয়ার ও নন্দিতা ইয়াসমিন পরিবেশনা করেছেন রবিঠাকুরের গান। এ অনুষ্ঠানের নাম ‘সমুখে শান্তি পারাবার’। উপস্থাপনা করেছেন সাদী মোহাম্মদ।আরটিভিতে সকাল নয়টা ৩০ মিনিটে প্রচারিত হবে মিনহাজুর রহমানের প্রযোজনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘কীভাবে রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ’। সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ তারকালাপ। আমন্ত্রিত অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মহাদেব ঘোষ। দুপুরে প্রচারিত হবে রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান চিত্রশিল্পী রবীন্দ্রনাথ। অহিদুল আজম টিপুর পরিচালনায় প্রচারিত হবে গীতিনাট্য বাল্মিকী প্রতিভা। প্রচারিত হবে আশরাফী মিঠুর পরিচালনায় বিশেষ টেলিছবি মনে তার নিত্য আসা যাওয়া। অভিনয় করেছেন হিল্লোল, পূর্বা, মিথিলা, বিপ্লব প্রসাদ, কুহেলি ইসলাম প্রমুখ। রাত ১১টা ৪৫ মিনিটে তানিফ মাহমুদের প্রযোজনায় প্রচারিত হবে সংগীতালেখ্য ‘ফিরে চল মাটির টানে’।দেশ টিভিও বরিঠাকুরের ৬৯তম প্রয়াণ উপলক্ষে প্রচার করবে বিশেষ অনুষ্ঠানের। অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর উপস্থাপনায় সাদী মহম্মদকে নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে থাকবে তাঁর স্মৃতিকথা। শেষ বেলাকার শেষের গান নামে একটি অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। তাঁর শেষ বয়সের পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে ‘শেষ বেলাকার শেষের গান’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শিল্পীরা হলেন—নন্দিতা ইয়াসমিন, তানিয়া মান্নান, লাইসা আহমেদ, অনিরুদ্ধ সেনগুপ্ত, আজিজুর রহমান। বিশেষ নাটক হিসেবে প্রচার করবে একদা ক্ষুধিত পাষাণ চিত্রনাট্য ওয়ালিদ হাসান এবং পরিচালনায় রবিউল করিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শংকর শাওজাল, পূজা সেনগুপ্ত, পরেশ আচার্য প্রমুখ। দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এবং দর্শকেরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এবারের অনুষ্ঠানে গান গাইবেন ফাহিম হোসেন চৌধুরী ও লিলি ইসলাম।