চ্যানেলে চ্যানেলে নজরুলজয়ন্তী
আজ নজরুলজয়ন্তী৷ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন৷
এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান৷ তার মধ্য থেকে কিছু অনুষ্ঠানের খবর দেওয়া হলো এখানে৷
নজরুল মেলা
নজরুলজয়ন্তী উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে ‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলা’৷ চ্যানেল আই প্রাঙ্গণে এই মেলা উদ্বোধন করা হবে বেলা ১১টা পাঁচ মিনিটে৷ এবার আজীবন সম্মাননা দেওয়া হবে নীলিমা দাশকে৷ মেলায় থাকবে ৫০ জন শিশুর উন্মুক্ত চিত্রাঙ্কন এবং কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময়ের ছবি নিয়ে প্রদর্শনী৷ অনুষ্ঠান মঞ্চে থাকবে গান, নাচ আর আবৃত্তি৷ মেলায় আরও থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল৷ মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু৷ উপস্থাপনা করবেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া৷ এই মেলা বেলা দুইটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি৷
সময় কাটুক গানে গানে
বৈশাখী টিভির স্টুডিও থেকে আজ রাত ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’৷ আজ গান করবেন নাশিদ কামাল ও লীনা তাপসী খান৷ উপস্থাপনা করবেন ফরহানা নিশো৷
তোমার সুরের নেশায়
দেশ টিভির স্টুডিও থেকে ‘তোমার সুরের নেশায়’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে রাত পৌনে ১০টায়৷ এতে গান করবেন খায়রুল আনাম শাকিল ও ইয়াসমিন মুশতারী৷ কবিতা আবৃত্তি ও উপস্থাপনা করবেন শিমুল মুস্তাফা৷ প্রযোজক বুলবুল ইসলাম৷
দ্রোহেও তুমি প্রেমেও তুমি
ঢাকা অফিসার্স ক্লাবে আজ রাত আটটায় আয়োজন করা হয়েছে ‘দ্রোহেও তুমি প্রেমেও তুমি’ অনুষ্ঠানটি৷ দুই ঘণ্টার এই অনুষ্ঠানে গান করবেন ইয়াকুব আলী খান, শাহীন সামাদ, বিজন মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী ও প্রিয়াঙ্কা গোপ৷ আবৃত্তি ও চিঠি পাঠ করবেন মাহিদুল ইসলাম ও হাসান আরিফ৷ উপস্থাপনা করবেন পূজা সেনগুপ্ত৷ পুরো অনুষ্ঠানটি এসএ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে৷
নজরুল নাটকের দৃশ্য৷ এই নাটকে নজরুলের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ৷ লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান৷ এটিএন বাংলায় আজ প্রচারিত হবে রাত আটটায়
অগ্নিগিরি নাটকের দৃশ্যে মিম ও নিশো৷ আরটিভিতে আজ প্রচারিত হবে রাত আটটা ২৫ মিনিটে৷ নাট্যরূপ দিয়েছেন মহিউদ্দিন আহমেদ৷ পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন
মরণ পথের যাত্রী নাটকের দৃশ্যে মিলন ও শিমু৷ বাংলাভিশনে আজ প্রচারিত হবে রাত নয়টা পাঁচ মিনিটে৷ লিখেছেন ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ
গভীর নিশীথে নাটকের দৃশ্যে বাঁধন ও ইন্তেখাব দিনার। নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। এনটিভিতে প্রচারিত হবে আজ রাত নয়টায়
‘বেণুকার সুর’ অনুষ্ঠানে খায়রুল আনাম শাকিল, রুকসানা কবীর (অনুষ্ঠানটির পরিচালক), ইয়াসমিন মুশতারী ও ফাতেমা-তুজ-জোহরা৷ এটিএন বাংলায় আজ রাত সোয়া নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠানটি৷ অনুষ্ঠানে আরও গান গেয়েছেন সুজিত মোস্তফা ও শাহীন সামাদ৷