চ্যানেলে চ্যানেলে হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপন
আজ প্রয়াত কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আজ বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক জাদুকর। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাটকটি তৈরি করেছেন মেহের আফরোজ শাওন। ‘চন্দ্র কারিগর’ অনুষ্ঠানটি হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র আর গান নিয়ে। উপস্থাপনা করবেন শামসুজ্জামান খান। অংশ নিয়েছেন আয়েশা ফয়েজ, আলী যাকের, জুয়েল আইচ, তারিক আনাম খান, সেলিম চৌধুরীসহ আরও অনেকে। থাকছে হুমায়ূন আহমেদের ওপর রাজু আলীমের তৈরি তথ্যচিত্র।
‘কলমের মানুষেরা’ প্রচারিত হবে দেশ টিভিতে। হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় কিছু চরিত্র নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
এস আই টুটুল ও তাঁর ব্যান্ড ধ্রুবতারা আজ গান করবে বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে। গানের ফাঁকে থাকবে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা।
মাছরাঙা টিভিতে ‘বহুমাত্রিক হুমায়ূন’ উপস্থাপনা করেছেন মেহের আফরোজ শাওন।
‘কাছের মানুষেরা’ প্রচারিত হবে আরটিভিতে। এখানে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা করবেন আহসান হাবীব, শাকুর মজিদ, তারিক আনাম খান ও মুনমুন আহমেদ।
গাজী টিভিতে থাকছে দুটি অনুষ্ঠান। বিকেলে ‘যে থাকে আঁখি পল্লবে’ আর রাতে ‘প্রিয় গান প্রিয় সুর’।
এসএ টিভিতে প্রচারিত হবে ‘হিমু এক্সপ্রেস’।