১৫ অক্টোবর মুক্তি পেয়েছিল চার্লি চ্যাপলিন অভিনীত ও পরিচালিত দ্য গ্রেট ডিক্টেটর। স্বৈরশাসক হিটলারকে নিয়ে ব্যঙ্গাত্মক ধ্রুপদি এ ছবিকে নিয়ে এবারের আয়োজন

তাঁদের বয়সের ব্যবধান ছিল মাত্র চার দিন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল জন্মেছিলেন কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা চার্লি চ্যাপলিন, আর ২০ এপ্রিল জন্মেছিলেন জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলার। মানুষ হিসেবে এই দুজন ছিলেন দুই মেরুর। একজন মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেন, আরেকজন ভীতি। তবু যে তাঁদের নাম একসঙ্গে নেওয়া হচ্ছে, তার কারণ দ্য গ্রেট ডিক্টেটর।
চলচ্চিত্রটি চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক ছবি। ৭৭ বছর আগে ১৯৪০ সালের ১৫ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি। হিটলার ও তাঁর দলের নৃশংস কর্মকাণ্ডকে ব্যঙ্গ করে চ্যাপলিন এই ছবি বানিয়েছিলেন। এই ছবির কাহিনি, সংগীত, প্রযোজনা ও পরিচালনা—সবই চ্যাপলিনের। ছবির কাহিনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি একটি সময়কে ঘিরে। আর ছবি যখন মুক্তি পায়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। সারা বিশ্ব দেখছে হিটলার ও তাঁর নাৎসি দলের নারকীয় হত্যাযজ্ঞ।
এই ছবিতে চ্যাপলিনকে দেখা যায় দুটি চরিত্রে। একটি চরিত্রে তিনি টোমানিয়ার এক সাধারণ ইহুদি নাপিত, যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে লড়েছিল। যুদ্ধে আহত হয়ে ২০ বছর স্মৃতি হারিয়ে ফেলেছিল। আরেকটি চরিত্রে চ্যাপলিন সে দেশের স্বৈরশাসক অ্যাডেনয়েড হিংকল, যে ইহুদিদের বিনাশ করতে মরিয়া। ২০ বছর পর নাপিত ফিরে এসে দেখে, তাঁর টোমানিয়া অন্য রকম হয়ে গেছে। হিংকল ইহুদিদের বিনাশ করে দেশে স্বৈরতন্ত্র চাপিয়ে বিশ্ব দখলের স্বপ্ন দেখছে।
নাৎসি দলের বড় দুই নেতা ছিলেন হারমেন গোয়েরিং ও জোসেফ গোয়েবলস। গোয়েরিং ছিলেন সামরিক বাহিনীর বড় নেতা, আর গোয়েবলস ছিলেন প্রচারণামন্ত্রী। গোয়েবলসের বিখ্যাত উক্তি হলো, একটি মিথ্যা দশবার বললে সেটি সত্য হয়ে যায়। ছবিতে হিংকলের দুই সহচর হেরিং ও গারবিচ আসলে গোয়েরিং ও গোয়েবলসই। এ দুজনের প্রত্যক্ষ সহায়তায় হিংকল হয়ে যায় টোমানিয়ার ‘দ্য গ্রেট ডিক্টেটর’, জার্মানিতে যেমন হয়েছিল হিটলার।
হিটলারের চরিত্রটি ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছিলেন চ্যাপলিন। হিটলারের হাঁটাচলা, চোখের চাহনি, হাত-পা নেড়ে কথা বলা, চিৎকার করে বক্তৃতা দেওয়া—অভিনেতা চ্যাপলিনকে সবই করতে দেখা যায়। আর এমনিতেও দুজনের মধ্যে অনেক মিল ছিল। হতদরিদ্র পরিবারে দুজনের জন্ম। সংগ্রাম করে বড় হয়েছেন। শারীরিক বৈশিষ্ট্যেও ছিল অনেক মিল। তেমন একটা লম্বা ছিলেন না কেউই। দুজনেরই গোঁফ ছিল এক রকম।
এই ছবিতে বাস্তব চরিত্র ছিলেন গোয়েরিং, গোয়েবলস, ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি। তাঁদের চরিত্রে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের চেহারার সঙ্গে মিল ছিল মূল চরিত্রের। তাঁরা একই সঙ্গে রপ্ত করেছিলেন তাঁদের স্বভাবও।
ছবির শেষদিকে স্বৈরশাসক হিংকলের ইচ্ছা হয় প্রতিবেশী দেশ অস্ট্রেলিচ দখল করে নেবে। তার ইচ্ছা, এভাবেই সে শুরু করবে বিশ্বজয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারও একের পর এক দখল করে চলেছিলেন পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স। এসব দেখে চ্যাপলিন এই ছবির কাহিনি একটু পরিবর্তন করেন। ছবির শেষে হিংকলকে ইহুদি নাপিত ভেবে নাৎসি বাহিনী গ্রেপ্তার করে। আর ইহুদি নাপিত হিংকলের জায়গায় সেনাবাহিনীর সামনে ভাষণ দিয়ে বিশ্বযুদ্ধ থামিয়ে দেয়। চ্যাপলিনের দেওয়া ওই ভাষণ গণতন্ত্রকামী প্রতিটি মানুষের কাছে আজও প্রাসঙ্গিক।
স্বাভাবিক কারণেই জার্মানিতে দ্য গ্রেট ডিক্টেটর নিষিদ্ধ ছিল, কিন্তু হিটলার এই ছবি গোপনে দুবার দেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর দখল করা প্রতিটি দেশে হিটলার এই ছবি নিষিদ্ধ করেছিলেন। নিজেদের দেশে এই ছবি নিষিদ্ধ করেছিলেন মুসোলিনি এবং স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোও।