চ্যাপলিনের টুপি-ছড়ি নিলামে উঠছে
কিংবদন্তির অভিনেতা চার্লি চ্যাপলিনের ট্রেডমার্ক টুপি আর ছড়িটি নিলামে উঠছে। লস অ্যাঞ্জেলেসের নিলামকারী প্রতিষ্ঠান বোনহ্যামস এ নিলাম করছে। ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে চ্যাপলিনের টুপি-ছড়ির এই নিলাম। চলচ্চিত্রের নির্বাক যুগের খ্যাতিমান তারকা চার্লি চ্যাপলিনের ছবিতে তাঁর টুপি ও ছড়িটির বিবিধ ব্যবহার দেখা যায়। চ্যাপলিন অভিনীত ‘সিটি লাইটস’ ও ‘মডার্ন টাইমস’ চলচ্চিত্রেও তাঁর এই বোলার টুপি ও ছড়িটি ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্সের।নিলামকারী প্রতিষ্ঠানটির ভাষ্য, চার্লি চ্যাপলিন ব্যবহূত এই টুপি ও ছড়ির দাম ৪০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।বোনহ্যামসের স্মারক বিশেষজ্ঞ লুসি কার এ প্রসঙ্গে জানিয়েছেন, চার্লি চ্যাপলিনের ব্যবহূত ঠিক কতগুলো টুপি আর ছড়ি এখনো টিকে আছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। তবে নিলামে ওঠা টুপি ও ছড়িটি তিনি ব্যবহার করতেন। চ্যাপলিনের এই স্মারক দুটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে ছিল।