চ্যাম্পিয়ন মুগ্ধ, প্রথম রানারআপ দীপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০ হয়েছেন মুগ্ধ। আজ বুধবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০-এর নাম ঘোষণা করা হয়। এ বছর চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০ হয়ে মুগ্ধ পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকাসহ নানা পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন দীপ্তি। যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন খেয়ালী ও মেহেদী। প্রথম রানারআপ দীপ্তি পুরস্কার হিসেবে পেয়েছে তিন লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ খেয়ালী ও মেহেদী পেয়েছেন দুই লাখ টাকাসহ নানান পুরস্কার। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের তিন বিচারক ও চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ। সন্ধ্যায় ঢাকার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বসে ছিল চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০-এর গ্র্যান্ড ফিনালের মহা উত্সব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের বিশিষ্ট তারকা ব্যক্তিত্বরা। মহা উত্সবের সূচনা হয় চ্যানেল আই সেরাকণ্ঠ-০৮ ও ০৯-এর শিল্পীদের সম্মিলিত পরিবেশনা ‘গানে আওয়াজ তোলো প্রাণে’ গানটির মধ্য দিয়ে। এরপর আসেন চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০-এর সেরা সাত প্রতিযোগী মুগ্ধ, লুইপা, রবিন, বিকসাম, দীপ্তি, মেহেদী ও খেয়ালী। তাঁরা সবাই একে একে বাংলা ছায়াছবির বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনার পরই মঞ্চে আসেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সবশেষে আসে চ্যানেল আই সেরাকণ্ঠের তিন বিচারকের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রথমে ইমন সাহা পরিবেশন করেন একটি জনপ্রিয় গান। এরপর মঞ্চে আহ্বান করা হয় রুনা লায়লাকে। তিনি পরিবেশন করেন আরেক গুণীশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি জনপ্রিয় গান। রুনা লায়লার পরে সাবিনা ইয়াসমীন পরিবেশন করেন রুনা লায়লার জনপ্রিয় একটি গান। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের পরিবেশনার আগেই রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরা।অনুষ্ঠান শেষ হয় চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১০-এর প্রতিযোগীদের একটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় চ্যানেল আইয়ের পর্দায়।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ঈশিতা ও উর্মিলা।