ছড়িয়ে পড়েছে বিজয় দিবসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন্ম আমার ধন্য হলো মাগো’—দেশের গানের সুর ভেসে আসছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। সেখানে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ আয়োজনটি গতকাল সোমবার ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন মঞ্চে।

কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে তিনটার সময় দর্শক ছিল কম। এ মঞ্চে বিজয় অনুষ্ঠানের আহ্বায়ক মানজারুল ইসলাম চৌধুরীকে দেখা গেল কাগজপত্র হাতে। অনুষ্ঠান শুরু হয়েছিল একক সংগীত দিয়ে। গান শুরু হওয়ার পর দর্শকদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা নামতেই ভরে ওঠে অনুষ্ঠানস্থল।

এরপর ছিল দলীয় গান, আবৃত্তি এবং পথনাটক। সব পরিবেশনায় ছিল দেশ, মুক্তিযুদ্ধ আর শাশ্বত বাংলার কথা। এদিন একক পরিবেশনায় অংশ নেন কাননবালা সরকার, বুলবুল ইসলাম, শিবু রায়, আবিদা রহমান, শিমুল সাহা প্রমুখ। দলীয় গান পরিবেশন করে বহ্নিশিখা, দৃষ্টি, আওয়ামী শিল্পীগোষ্ঠী, আনন্দন সংগঠন। একক ও দলীয়ভাবে পরিবেশিত গানের মধ্যে ছিল ‘ও আমার দেশের মাটি’, ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, ‘ফুটুক ফুটুক ফুল ফুটুক না’, ‘হবে মন হবে’, ‘ও ময়না পাখিরে’, ‘বংশী বাজায় কে’। দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে স্পন্দন। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরচিত্র, স্বরব্যঞ্জন।

শহীদ মিনারের পাশাপাশি গতকাল দনিয়ায় সাংবাদিক কিশোর কুমার চলচ্চিত্র মঞ্চ, সৈয়দ মইনুল হোসেন মঞ্চ, মিরপুরের ভাষাসৈনিক আবদুল মতিন মঞ্চ এবং সাংবাদিক জহিরুল হক চলচ্চিত্র মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শন। ১৪ ডিসেম্বর থেকে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের খলিলউল্লাহ খান চলচ্চিত্র মঞ্চ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের শিল্পী কাইয়ুম চৌধুরী মঞ্চ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সরদার ফজলুল করিম শিশু-কিশোর মঞ্চে উৎসবের বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। উৎসব চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের হবে সকাল ১০টায়।