ছন্দে দেখা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী রনজিৎ​ দাস (ডানে) তাঁর প্রদর্শনীর ছবি দেখাচ্ছেন উদ্বোধক রফিকুন নবী ও চিত্র সমালোচক র​বিউল হুসাইনকে l ছবি: প্রথম আলো
শিল্পী রনজিৎ​ দাস (ডানে) তাঁর প্রদর্শনীর ছবি দেখাচ্ছেন উদ্বোধক রফিকুন নবী ও চিত্র সমালোচক র​বিউল হুসাইনকে l ছবি: প্রথম আলো

ছেলেবেলাটা যাঁদের গ্রামে কেটেছে, তাঁদের কাছে শৈশবটা কেমন?
মায়ের ঘুমপাড়ানি গান, বাবার হুঁকা খাওয়া, তরুণীর চুল বাঁধা, দিগন্তবিস্তৃত মাঠে ঘুড়ি ওড়ানো, ছাগলছানা কাঁধে রাখাল, গ্রাম্য মেয়ের কোলে ছোট্ট শিশু—শৈশবের কথা বললে তাঁদের চোখে নিশ্চয়ই এমন ছন্দময় এক জীবন ভেসে ওঠে।
জীবনের এমনই ৫০টি ছন্দময় দৃশ্য নিয়ে শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হলো শিল্পী রনজিৎ দাসের একক চিত্র প্রদর্শনী ‘অব আ পোয়েটিক ভিশন অব লাইফ’।
বাস্তবধর্মী অঙ্কনরীতিতে আঁকা ছবিগুলো খুব সহজেই দর্শকের মন ছুঁয়ে যায়। সব কটি ছবিই ড্রয়িং।
গত শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। ছাত্র রনজিৎকে পাশে নিয়ে শিক্ষক রফিকুন নবী বললেন, ‘রনজিৎ নিভৃতে, অনবরত, অহরহ কাজ করে চলে। দেশের বাইরেও সে সুনাম কুড়িয়েছে। সাধারণত ওর কাজে ভরাট কম্পোজিশন দেখা যায়, কিন্তু এখানকার ছবিগুলোতে ও অনেক জায়গা ছেড়েছে।’
অনুষ্ঠানের অতিথি ছিলেন চিত্র সমালোচক রবিউল হুসাইন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু ও শিল্প সংগ্রাহক ব্যাংকার মামুন রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পাঙ্গন গ্যালারির কর্ণধার রুমি নোমান।
আগামী ১২ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।