ছন্দে ফিরেছে সালমান-ক্যাটরিনার জীবন
ইদানীং ক্যাটরিনা কাইফকে নিয়ে ভালোই রসিকতা করছেন তাঁর বন্ধু ও সহ-অভিনেতা সালমান খান। সময়টাই যে ভালো যাচ্ছে তাঁর। ‘এক থা টাইগার’-এর প্রচারণা উপলক্ষে রিয়েলিটি শোর মঞ্চ আর জুটি বেঁধে যেখানে যেখানে দুজন হাজির হয়েছেন, সবখানেই সালমানকে সদাহাস্য দেখা গেছে। কথা প্রসঙ্গে সালমান জানিয়েছেন, ক্যাটরিনা যে ধরনের ছবি দেখতে পছন্দ করেন, তা আবার ঠিক ভালো লাগে না তাঁর। শুধু তা-ই নয়, যতবারই ক্যাটরিনার সঙ্গে ছবি দেখতে গেছেন, ততবারই তিনি ছবি দেখার একপর্যায়ে ঘুমিয়ে পড়েছেন। সম্প্রতি ‘ডেইলি ভাস্কর’কে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেন, ‘পর্দায় আমার আর ক্যাটরিনার রসায়ন বরাবরই ভালো। কিন্তু পছন্দের ছবির তালিকায় ক্যাটরিনা আর আমার রুচির মধ্যে বিস্তর ফারাক। যতবারই তাঁকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গেছি, ততবারই আমি ঘুমিয়ে পড়েছি।’সালমান আরও বলেন, ‘আমি বুঝি না, ক্যাটরিনা এসব ছবি দেখে কী মজা পায়! তাঁর পছন্দের ছবিগুলো দেখার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ঘুম এসে ভিড় করে আমার চোখে। কোনোভাবেই আমি আর জেগে থাকতে পারি না।’