ছন্দে-সুরে-দ্বন্দ্বে ৬ তারকার ঈদ ইত্যাদি

বরাবরের মতো এবারের ঈদেও নানা চমক দেখাবে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের ‘ইত্যাদি’র অন্যতম চমক হিসেবে থাকছে বর্তমান প্রজন্মের জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি বিশেষ মিউজিক্যাল ড্রামা।
‘ইত্যাদি’ অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, বিদেশ থেকে এসে ঈদের কেনাকাটা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, বিদেশি ও দেশি শাড়ি কেনা নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব এবং দেশি পণ্য উপহার দেওয়া নিয়ে দুই বন্ধুর দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে তিনটি মিউজিক্যাল ড্রামা। এগুলোতে অংশ নিয়েছেন ইমন-কুসুম শিকদার, দীপা খন্দকার-আরফান ও চঞ্চল চৌধুরী-জয়। রাজধানীর বিভিন্ন শপিং কমপ্লেক্সে এগুলোর শুটিং হয়েছে।
বিটিভির এবারের ঈদ অনুষ্ঠানমালায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি প্রচারিত হবে। হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিকল্পনায় ‘ইত্যাদি’ প্রচারিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।