ছবি আঁকছেন মনীষা কৈরালা!
ব্যক্তিগত জীবনের অশান্তি থেকে মুক্তি পেতে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এবার ছবি আঁকায় মনোযোগী হয়েছেন নেপালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা। বছর দুয়েক আগে নেপালের ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেছিলেন মনীষা। ফেসবুকের মাধ্যমে সম্রাটের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। পরে কাঠমান্ডুতে নেপালের ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে করেন তাঁরা। কিন্তু সে বিয়ে টেকেনি। বিয়ের কিছুদিন পরই খিটিমিটি লাগে মনীষার সংসারে। অবশেষে এ বছর সম্রাটের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর মনীষা ভারতে ফিরে যান এবং এখন বলিউডে নিয়মিত হতে চাইছেন। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ভূত রিটার্নস’ ছবিটি। হাতে আছে আরও কয়েকটি নতুন ছবির চিত্রনাট্য। পছন্দসই চিত্রনাট্য মিলে গেলে কাজ শুরু করে দেবেন। এ ছাড়া, প্রতিদিন নিয়ম করে জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন। এরই মধ্যে কয়েক কেজি ওজন কমিয়েছেন। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। নানা কাজে নিজেকে ব্যস্ত রাখলেও একাকিত্বের যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি মনীষার। প্রশান্তি খুঁজে পেতে তাই শেষে ছবি আঁকায় মনোনিবেশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইদানীং বেশ যত্ন নিয়ে ছবি আঁকার চেষ্টা করছি। এ কাজে অনেক ভালো লাগছে, প্রশান্তি খুঁজে পাচ্ছি। আমার অস্থির মন শান্ত রাখতেও সাহায্য করছে এই ছবি আঁকা।’ মনীষা আরও বলেন, ‘আজকাল অনেক বেশি নিয়ন্ত্রিত জীবনযাপনের চেষ্টা করছি। জগতের চাকচিক্য আর কাছে ডাকে না আমাকে। পার্টি বা অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছি। সত্যি বলতে, অনেকটা অসামাজিকই হয়ে পড়েছি আমি। নিজের গড়া এই জগতের ঘেরাটোপে থাকতেই বেশি ভালো লাগছে।’