ছবি আঁকায় মগ্ন কালকিন
ব্যস্ত নিউইয়র্কের রাস্তা পেরোচ্ছেন ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলি কালকিন। তাঁর নীলচে জিনসের প্যান্ট একবারে রঙে মাখামাখি। মনে হবে যেন সদ্য রং-তুলি ফেলে উঠে এসেছেন স্টুডিও থেকে। ঘটনা সত্যি। একদার এই খুদে অভিনয়শিল্পী এবারে ছবি আঁঁকায় মন দিয়েছেন। কয়েকজন চিত্রকর বন্ধুও জুটেছে তাঁর।মগ্ন এক চিত্রকরের মতই হলিউডের ইতিহাসে অন্যতম সফল শিশুশিল্পীর তকমা পাওয়া ম্যাকলি কালকিন এখন ছবি আঁঁকায় ব্যস্ত সময় পার করছেন। ম্যানহাটনে অবস্থিত তাঁর অ্যাপার্টমেন্টটিকে রীতিমত একটি আর্ট স্টুডিও বানিয়ে ফেলেছেন কালকিন।নিউইয়র্কের রাস্তায় গত ২৭ সেপ্টেম্বর রং মাখানো ছেঁড়া জিনস, চামড়ার জ্যাকেট আর বুট জুতা পায়ে হেঁটে যাওয়ার সময় আলোকচিত্রীরা কালকিনের ছবি তোলার চেষ্টা করলে তিনি দ্রুত একটি ক্যাবে উঠে চলে যান। কালকিনের বন্ধু অ্যাডাম গ্রিন, টবি গুডশ্যাঙ্ক এবং কালকিনের আঁঁকা ছবি নিয়ে ‘লেইসার ইনফার্নো’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে লে পয়সন রগ আর্ট গ্যালারিতে। এ প্রদর্শনী চলবে ডিসেম্বর পর্যন্ত। কালকিন আর তাঁর বন্ধুরা মিলে নিজেদের নাম দিয়েছেন ‘থ্রি মেন অ্যান্ড আ বেবি’ (থ্রি এমবি)। এক খবরে জানিয়েছে ইয়াহু নিউজ। ছবি আঁঁকার সময় কালকিনের ভিডিও করেছেন তাঁর দুই বন্ধু অ্যাডাম এবং টবি। ভিডিওচিত্রটিতে কালকিন বলেছেন, ‘ছবি আঁঁকার জন্য প্রয়োজনীয় সবকিছুই কেনা হয়ে গেছে। আমাদের ছবির মূল বিষয় হল তারুণ্য। আমাদের বিশ্বাস, যত বেশি পাগলাটে এবং মজাদার বিষয় নিয়ে ছবি আঁঁকা হবে, তত বেশি ভালো ছবি সৃষ্টি হবে।’মার্কিন মুলুকের তারকাদের মধ্যে প্রায়ই দেখা যায়, সাফল্য আর খ্যাতির রেশ ধরে মাদকের জালে জড়িয়ে পড়েন তাঁরা। এই তালিকার সর্বশেষ সংযোজন ছিলেন ম্যাকলি কালকিন। গত আগস্ট মাসে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছিল, মাদকের জালে জড়িয়ে মৃত্যুর প্রহর গুনছেন কালকিন। বড়জোর আর মাত্র ছয় মাস আয়ু আছে তাঁর। প্রতি সপ্তাহে ব্যথা-নাশক ওষুধ এবং হেরোইনের মত মাদক সেবনের পেছনে ৬ হাজার ডলার ওড়াচ্ছেন ৩২ বছর বয়সী এ অভিনেতা। অবশ্য কালকিনের মাদকাসক্তির বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাঁর মুখপাত্র। ওই মুখপাত্র জানিয়েছেন, ‘এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এগুলোকে খবর না বলে উদ্ভট গল্প হিসেবেই আখ্যায়িত করা উচিত।’মাদকের সঙ্গে কালকিনের সম্পৃক্ততার খবর প্রথম চাউর হয়েছিল ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে। সেবারে প্রায় ১৭ গ্রাম গাঁজা ও আরও দুই ধরনের মাদকসহ গ্রেপ্তার হন তিনি। এ জন্য জেলের ঘানিও টানতে হয়েছে তাঁকে। অবশ্য চার হাজার ডলার মুচলেকার বিনিময়ে অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পেয়ে গিয়েছিলেন তিনি। অভিনয় জগতে মাত্র চার বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন কালকিন। মঞ্চ দিয়েই যাত্রাটা শুরু হয়েছিল। আশির দশকে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রটিই তাঁকে সবার কাছে পরিচিত করে তোলে। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল কালকিন অভিনীত ‘গেটিং ইভেন উইথ ড্যাড’, ‘রিচি রিচ’ ও ‘দ্য পেজমাস্টার’ চলচ্চিত্রগুলো। এগুলো মাঝারি মাপের সাফল্য অর্জন করে। ছয় বছর বিরতির পর ২০০০ সালে ‘ম্যাডাম মেলভিল’ মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে ফেরেন কালকিন। ২০০৩ সালে অভিনয় করেন ‘পার্টি মনস্টার’ চলচ্চিত্রে। পরের বছর ‘সেভড!’ চলচ্চিত্রে পার্শ্ব-অভিনেতা হিসেবে হাজির হন। চলচ্চিত্রটি খুব বেশি সাফল্য না পেলেও পূর্ণবয়স্ক অভিনেতা হিসেবে প্রশংসিত হন কালকিন। ২০০৬ সালে তিনি প্রকাশ করেন আত্মজীবনীমূলক উপন্যাস ‘জুনিয়র’। কালকিন ২০১১ সালে নিরীক্ষাধর্মী ‘দ্য রং ফেরারি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পুরো চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছিল আইফোনে।