ছবি এঁকে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিরা । প্রথম আলো
জাতীয় জাদুঘরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিরা । প্রথম আলো

শিশুদের কলকাকলিতে গতকাল রোববার মুখর হয়ে উঠেছিল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং গত বছরের মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর আয়োজন করেছিল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ৭০ বিজয়ীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্ন পর্ষদের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
শিশুদের সুকুমারবৃত্তির বিকাশ, দেশপ্রেম সৃষ্টি, সমাজের প্রতি ভালোবাসা সৃজনের জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, আজকের শিশুরা বঙ্গবন্ধুকেও দেখেনি, মুক্তিযুদ্ধও দেখেনি। তবু তারা গভীর মমত্ববোধ দিয়ে বঙ্গবন্ধুর ছবি আঁকে, আঁকে মুক্তিযুদ্ধের ছবি। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের ইতিহাসচর্চার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়তা করে।