ছবি এঁকে পুরস্কার পেয়ে দারুণ খুশি খুদে আঁকিয়েরা। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘পূবালী ব্যাংক একুশে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, রবীন্দ্র গোপ, চিত্রশিল্পী বীরেন সোম প্রমুখ।প্রতিযোগিতায় চারটি বিভাগে তিন থেকে ১৫ বছর বয়সী এক হাজারের বেশি শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্য থেকে ৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে তাদের সবাইকে প্রাইজবন্ড, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। বিশেষ করে, ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্বাক্ষরিত স্মারক দেওয়া হয় সবাইকে।