ছবি এঁকে শিশুরা পেল পুরস্কার
‘আঁকিবুকির মাধ্যমে শিশুদের মন সৃষ্টির আনন্দে ভরে ওঠে। শিশুরা রংতুলি নিয়ে একাগ্র মনে ছবি আঁকে, তা দেখে খুব আনন্দবোধ করি।’ গতকাল শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চতুর্থবারের মতো আয়োজিত মেরিডিয়ান-আনন্দ আলো চিলড্রেন পেইন্টিংস অ্যাওয়ার্ড ২০১০ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।ছবি এঁকে পুরস্কার পেয়েছে শিশুরা। দিনব্যাপী এই আয়োজনে তারা ছবি এঁকেছে, বড়দের কথা শুনেছে, প্রিয় শিল্পীর গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দিয়েছেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। খুদে আঁকিয়েদের গান শুনিয়েছেন শিল্পী ফকির আলমগীর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও সফিউল আলম।প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ শাখায় প্রথম স্থান অধিকার করেছে যথাক্রমে নিশাত সুভা ও মুবাশ্বের আহমেদ। তারা ক্রেস্ট, সনদপত্র, ছবি আঁকার সরঞ্জামের পাশাপাশি একটি করে কম্পিউটার পেয়েছে।মিলনায়তনের বাইরে ছিল খুদে আঁকিয়েদের ছবি নিয়ে প্রদর্শনী। তাদের বেশির ভাগ ছবির বিষয় ছিল বাংলাদেশের গ্রাম। বটগাছের নিচে গ্রামীণ মেলা, ধান বোনা, অবারিত সবুজ মাঠ কিংবা গরু বাঁধা বাড়ির আঙিনা ইত্যাদি দৃশ্য ফুটে উঠেছে ছবিতে।