ছবি ও ধাঁধা
কানাডার উত্তর কুইবেক। বরফি আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে ইনউক মানুষেরা। বরফের সঙ্গেই জীবন কাটে তাদের। সেখানকার মাছ, সিন্ধুঘোটক শিকার আর বরফের চাক দিয়ে ইগলু ঘর তৈরি করে কাটিয়ে দেয় জীবন। কানাডার আর্কটিকের এই জীবনধারা আমেরিকান এক পরিচালক বন্দী করেন ফিল্মে। ক্যামেরার ফ্ল্যাশে তোলা হয় ইনউক মানুষের জীবনাচরণ। বরফের সঙ্গে টিকে থাকার লড়াই। ছবিটিতে নানুক পরিবারের মধ্য দিয়ে পরিচালক দেখিয়েছেন এস্কিমোদের জীবন। ১৯১৪ থেকে ১৯১৫ সাল নাগাদ চিত্রায়িত করেন তথ্যচিত্রটি। কিন্তু ১৯১৬ সালে সিগারেটের আগুনে পুড়ে যায় গোটা ফিল্ম। ভেঙে পড়েননি পরিচালক। আবার টাকা সংগ্রহ করেন। ১৯২০-১৯২১ সাল সময়টুকু নিয়ে চিত্রায়িত করেন।
ছবিটি দেখানোর পর দারুণ সাড়া পড়ে যায়। ১৯৮৯ সালে প্রথম ২৫টি ছবি লাইব্রেরি অব কংগ্রেসের ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে সাংস্কৃতিক, ঐতিহাসিক অথবা সৌন্দর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ছবি তার মধ্যে একটি। তবে ছবিটি নিয়ে বিতর্কও আছে। পরিচালক একে তথ্যচিত্র বললেও অভিনেতাদের দিয়ে এখানে অভিনয়ও করিয়েছিলেন।
পাঠক বলতে হবে ছবিটির নাম এবং পরিচালকের নাম কী?
ছবি ধাঁধার উত্তর:
ছবির নাম: নানুক অব দ্য নর্থ, পরিচালক: রবার্ট জোসেফ ফ্ল্যাহার্টি