ছবি ও ধাঁধা
ট্রেনে করে লিফলেট বিলি করছেন একজন। পরনে সাদা হাফ শার্ট ও জিনস প্যান্ট। গলায় রুদ্রাক্ষের মালা। মাথায় পরেছেন কটকটে হলুদ রঙের হেলমেট। কাঁধে পুরোনো আমলের একটি ক্যাসেট প্লেয়ার। ট্রেনের যাত্রীদের প্রত্যেককে দিচ্ছেন হলুদ রঙের লিফলেট। তাতে বড় করে আঁকা হিন্দু দেব-দেবীর ছবি। লিফলেটের ঠিক ওপরটাতে লেখা ‘মিসিং’, ‘লাপাত্তা’। তাঁরা হারিয়ে গেছেন। তাঁদের খুঁজতে এই লিফলেট বিলির আয়োজন। যোগাযোগের জায়গায় লেখা আছে একটি নাম, ‘পিকে’। ব্যাপারটি চোখে পড়ে এক সাংবাদিকের। কৌতূহলী সাংবাদিক পিছু নেন তাঁর। বোঝার চেষ্টা করেন ঘটনা কী?
সাংবাদিক বলেন, ‘আপনি এদের খুঁজছেন কেন?’ পিকের উত্তর, ‘তাঁর কাছে আমার মামলা ঝুলে আছে। তিনি না আমার কিছু করছেন, না তাঁর দেখা পাচ্ছি। আমার জীবন তো তথৈবচ অবস্থা। জানি না কোথায় গিয়ে বসে আছেন। আপনি দেখেছেন তাঁকে?’ এভাবে ঈশ্বরের খোঁজ করাতে অবাক বনে যান সাংবাদিক। বুঝে উঠতে পারেন না তাঁকে।
দৃশ্যটি ভারতের বক্স অফিস সফল একটি চলচ্চিত্রের। ছবিতে অভিনয় করেছেন ভারতের নামজাদা অভিনেতা আমির খান। পাঠক, বলতে হবে ছবিটির নাম, ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয়কারী অভিনয়শিল্পী ও পরিচালকের নাম কী?
ছবি ধাঁধার উত্তর:
ছবির নাম: পিকে, সাংবাদিক জগ্গু: আনুশকা শর্মা, পরিচালক: রাজ কুমার হিরানি