ছবি ও ধাঁধা
অভাবের সংসার সামসুর। একটি বলদ দিয়ে ঘানি ভাঙিয়ে তেল বের করে সংসার চলে। এক রাতে চুরি হয়ে যায় সে বলদ। টানাটানির সংসারে কেয়ামতের মতো যেন বিপদ নেমে আসে। স্ত্রীর ভাইয়ের কাছে সামসু ছেলে বজলুকে পাঠায়। আশা, শ্যালক একটা বলদ পাঠিয়ে আগেরবারের মতো সাহায্য করতে পারে তাকে। এদিকে বলদের অভাবে ঘানি বন্ধ। এলাকার ব্যাপারী সাহেবের কাছ থেকে সরিষা নিয়ে এসেছে। অনেক দিন হয়ে গেল ভাঙাতে পারেনি। ব্যাপারী সাহেব এসে হুমকি দিয়ে যায় সামসুকে। বলে, কাল সকালে এক টিন ও পরশু সকালে এক টিন তেল দিতে না পারলে সরিষা যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। চিন্তায় পড়ে যায় সামসু। একমাত্র উপার্জনের জিনিসটি বন্ধ থাকলে সব শেষ হয়ে যাবে। ওদিকে ছেলে বজলুর আসতেও সময় লাগছে। রাত বাড়ে। চিন্তা বাড়ে। হঠাৎ সামসুর চোখে পড়ে বজলুর নতুন বউকে। সিদ্ধান্ত নেয়, তাকে দিয়েই ঘানি টানাবে। সামসু ও তার স্ত্রী ছেলের নতুন বৌকে ঘানি টানতে রাজি করায়। সারা রাত ঘানি টেনে অসুস্থ হয়ে পড়ে নতুন বউ ময়না। পরদিন সকালে খালি হাতে মামার বাড়ি থেকে ফিরে আসে বজলু। বলদ তো পাওয়া যায়ইনি উপরন্তু মামার সঙ্গেও দেখা হয়নি। ময়নাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে দেখে, শুয়ে আছে ময়না। বজলু বলে, ‘কিরে এই অসময়ে শুয়ে আছো? শরীর খারাপ?’ ময়না বলে, ‘না।’ বজলু, ‘কী হইছেরে ময়না?’ ময়না, ‘কিছু না।’ তারপর ‘এই ময়না কী হইছে’ বলে বউকে মৃদু ধাক্কা দেয়। ব্যথায় ককিয়ে ওঠে ময়না। বজলু বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে। বজলু জানতে চায় কী হয়েছে। ময়না কিছুই বলে না। কিন্তু বজলু কাপড় ধরে টান দিলে কাঁধে ঘানির ঘষায় উঠে যাওয়া চামড়ার দাগ দেখতে পায় বজলু। জিজ্ঞেস করে, ‘এইটা কিসের দাগ? কবি না কিসের দাগ?’ ময়না চুপ করে থাকে। বজলু বলে, ‘ময়না, আমি কলুর পোলা। এই দাগ আমি চিনি।’ কান্নায় ভেঙে পড়ে ময়না।
পাঠক, ওপরের দৃশ্যটুকু অসাধারণ একটি চলচ্চিত্র ঘানি ছবির। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১২টি শাখায় পুরস্কার জিতে নিয়েছিল। ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর, মাসুম আজিজের মতো অভিনয়শিল্পীরা। পাঠক, বলতে হবে ছবির পরিচালক, বজলু চরিত্রে ও ময়না চরিত্রে চরিত্রায়ণকারী অভিনয়শিল্পীর নাম কী?
ছবি ধাঁধার উত্তর:
পরিচালক: কাজী মোরশেদ, বজলু: আরমান পারভেজ মুরাদ, ময়না: নাজনীন হাসান চুমকী