ছবি ও ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নদী বয়ে চলেছে অবিরাম। ঘাটে একটি নৌকা ভিড়ল। সেখান থেকে নামল একটি মেয়ে ও তার ছেলে। মেয়েটির নাম রাজার ঝি। মালোপাড়ার এই গ্রামটিতে নতুন অতিথি সে। দেখা হলো বাসন্তী নামের আরেক মেয়ের সঙ্গে। মেয়েটিকে বাসন্তী জিজ্ঞেস করল, ‘সাওয়ালের বাপ কোনহানের গো, দিদি?’ মেয়েটি উত্তর দেয়, ‘জানি না।’ বাসন্তী বলে, ‘বলি মইরা তো যায় নাই?’ মেয়েটি বলে, ‘জানি না।’ বাসন্তী আবার বলে, ‘বিয়া অইছিল কোন গ্রামে?’ মেয়েটি বলে, ‘জানি না।’ বাসন্তী বলে, ‘আমি কই বিয়া একটা অইছিল তো?’ মেয়েটি বলে, ‘জানি না।’ বাসন্তী আবার বলে, ‘পোড়া কপাল। বলি সাওয়ালডা অইছিল বিয়া অইয়াই তো?’ মেয়েটি বলে, ‘জানি না, দিদি।’ বাসন্তী বলে, ‘জানি না, জানি না, জানি না। তুমি কি দিদি কিছুই জানো না?’
জানবে কেমন করে? কোনো এক রাতে বিয়ে হয়েছিল স্বামীর সঙ্গে। একরাতে মুখটা ভালো করে দেখেওনি। পরদিন স্বামীর সঙ্গে নৌকায় করে পাড়ি জমানো শ্বশুরবাড়ি। রাতের বেলা ডাকাতি হয়ে যায় সে। ডাকাতেরা নিতে পারেনি তাঁকে। পড়ে যায় তিতাসের বুকে। তারপর কোন এক গ্রামের তীরে ভেসে ওঠে। সেখানেই তার ছেলে হয়। ছেলেটি বড় হওয়ার পর তার মনে হয় ওর একটি পরিচয় দরকার। কিন্তু স্বামীর নাম জানে না সে। শুধু গ্রামের নামটিই মনে আছে। অবশেষে তাকে পৌঁছে দেওয়া হয় সেই মালোপাড়ার গ্রামে। যে গ্রামে প্রথমেই দেখা হয় বাসন্তীর সঙ্গে। বাসন্তী তার পরিচয় জিজ্ঞেস করলে ওপরের ‘জানি না’ শীর্ষক আলাপটুকুই হয় তাদের মধ্যে।
পাঠক, ওপরের দৃশ্য ও গল্পটুকু বিখ্যাত একটি চলচ্চিত্রের। অদ্বৈত মল্ল বর্মণের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন ঋত্বিক কুমার ঘটক। ২০০৭ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক জরিপে চলচ্চিত্র সমালোচকদের ভোটে সেরা ১০টি বাংলাদেশি সিনেমার একটি ছিল।

পাঠক বলতে হবে চলচ্চিত্রের নাম কী? এবং বাসন্তী ও রাজার ঝি চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পীদের নাম কী?

ছবি ও ধাঁধার উত্তর
ছবির নাম
তিতাস একটি নদীর নাম

বাসন্তী
রোজি সামাদ

রাজার ঝি
কবরী