ছবি ও ধাঁধা
পরিবারের ঘানি টেনে অসুখ বাধিয়েছে নীতা। ঘরের একটি কোণে নিজেকে লুকিয়ে রাখে। এরই মাঝে ফিরে আসে বড় ভাই শংকর। একসময় গানপাগল ছিল সে। চলে যায় বোম্বে। বড় গায়ক হয়েছে এখন। বাড়ি ফিরে খোঁজ করে ছোট বোনটির। সবাই নীতার ঘরটি দেখিয়ে দেয়। শংকর দেখে, নীতার যক্ষ্মা হয়েছে। ওকে নিয়ে যায় হাসপাতালে।
কয়েক দিন পর শংকর নীতাকে দেখতে আসে। বাজছে পাহাড়ি আবহসংগীত। শংকর এসে নীতার কাছে বসে। নীতা তঁার হাতে থাকা একটি চিঠি দেখিয়ে বলে, ‘সেই মেঘে ঢাকা তারা। সনতের চিঠিটা। কেন যে এত দিন জমিয়ে রেখেছিলাম।’ শংকর বোঝে, এটা নীতার এক কষ্টের কথা। একসময় ভালোবাসত সনতকে। কথা ছিল, সনত পড়ালেখা শেষ করে বিয়ে করবে তাঁকে। কিন্তু সে বিয়ে করে নীতার ছোট বোন গীতাকে। শংকর বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে নিতে বলে বাড়ির কথা, ‘জানিস আমাদের বাড়িটা না দোতলা উঠে গেছে। গীতার ছেলেটা এখন হাঁটছে।’ নীতা বলে, ‘খুব দুরন্ত? খুব লাফায় ঝাঁপায়? খুব খেলে, না?’ শংকর বলে, ‘বাবার লাইফটা একেবারে হেল করে ছেড়ে দিয়েছে। যখন-তখন দোতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় একা একা। বাচ্চাটার এমন একটা প্রাণ হয়েছে নারে। সব সময় হই হুল্লোড় করে। দোতলার সিঁড়ি বেয়ে ওর ওপরে ওঠার কি একটা ইচ্ছে না?’
একটা কঠিন সময়ে এই পরিবারের হাল ধরেছিল নীতা। এখন সুখের সময়ে তাঁর মৃত্যুর বিণ বেজে উঠেছে। নীতার ইচ্ছে হয় সুখের এই ক্ষণে পরিবারের সঙ্গে বাঁচতে। আঁকুতির সুরে বলে ওঠে, ‘দাদা, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। আমি বাঁচতে চেয়েছিলাম।’
ওপরের দৃশ্যটি বিখ্যাত একটি বাংলা চলচ্চিত্রের। ছবিটির শেষ সংলাপ, ‘দাদা, আমি বাঁচতে চাই’, বাংলা চলচ্চিত্র ইতিহাসের বিখ্যাত সংলাপের একটি। দেশ ভাগ নিয়ে চলচ্চিত্র নির্মাণে বেশ আলোচিত চলিচ্চত্রটির পরিচালক। ছিলেন ভারতের খ্যাতিমান থিয়েটার অভিনয়শিল্পী, করেছেন বাম ঘরানার রাজনীতি। পাঠক, বলতে হবে ছবির নীতা ও শংকর চরিত্রের অভিনয়শিল্পীদের এবং চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?
ছবি ও ধাঁধার উ ত্ত র
ছবির নাম : মেঘে ঢাকা তারা
পরিচালক: ঋত্বিক কুমার ঘটক
অভিনয়শিল্পী: নীতা: সুপ্রিয়া চৌধুরী, শংকর: অনিল চট্টোপাধ্যায়