ছবি ও ধাঁধা
মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। চারদিকে থমথমে পরিবেশ। মতিন সাহেবের বাড়ির ভেতর-বাইরেও সেই থমথমে ভাব বিরাজমান। তবে তাঁর দুই মেয়ে রাত্রি ও অপালাকে এই পরিস্থিতির অস্থিরতা খুব একটা স্পর্শ করতে পারে না। এরই মধ্যে বাড়িতে আসেন এক অতিথি।
অতিথি? মতিন সাহেবের স্ত্রী এই অসময়ে কোনো যুবককে বাড়িতে থাকতে দিতে নারাজ। অবশ্য বদি নামের সেই যুবক মুক্তিসেনা জানতে পেরে মতিন সাহেবের স্ত্রীর মন নরম হয়। কিন্তু এই খবর বাড়িতে জানাজানির আগেই রাত্রি বদির সঙ্গে বাজে ব্যবহার করে ফেলে। এ জন্য পরে অনুতপ্ত হয় সে। খারাপ আচরণের জন্য বদির কাছে রাত্রি ক্ষমা চেয়ে বলে, ‘আপনি কিছু মনে করবেন না। দিনের পর দিন বন্দী থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নেবেন?’
রাত্রির পাগলামি দেখে বদি হাসেন। দেশ স্বাধীন হলে রাত্রি কী কী করবে, সেই পরিকল্পনার কথাও জানায় মুক্তিযোদ্ধা বদিকে। এরই মধ্যে বড় একটি অপারেশনে যাওয়ার ডাক আসে বদির। সেই অপারেশনে সফল হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এসব ঘটনার মধ্য দিয়ে রাত্রিকে যুদ্ধের উদ্বেগ ধীরে ধীরে স্পর্শ করতে থাকে। বদির প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে এই তরুণী।
পরবর্তী অপারেশনে বদি আর নিজেকে রক্ষা করতে পারেন না। পাকিস্তানি সৈন্যের ছোড়া বুলেট গিয়ে বিঁধে বদির পেটে। আহত অবস্থায় তাঁর এক বন্ধু মতিন সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে যান বদিকে। ডাক্তার ডাকার জন্য বের হলে সেই বন্ধুটি পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়েন। কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় কারফিউ। মতিন সাহেব দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান, বদিকে বাঁচাতে হলে তাঁকে কারফিউয়ের মধ্যে বাইরে যেতে হবে। এদিকে, মৃতপ্রায় এক ব্যক্তিকে নিয়ে বাড়িতে ডাক্তারের অপেক্ষা করছেন মতিন সাহেবের স্ত্রী ও দুই মেয়ে। রাস্তায় বেরিয়ে কিছু দূর এগোতেই আর্মির গাড়ি দেখতে পেয়ে পিছু হটে যান মতিন সাহেব। বাড়ি ফিরে মিথ্যা বলেন, ডাক্তার পাওয়া যায়নি।
তাঁদের বাড়ির কিশোরী কাজের মেয়ে বিন্তি তখন সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। কারফিউ চলাকালীন বদির জন্য ডাক্তার ডাকতে গিয়ে মিলিটারির গুলিতে প্রাণ হারায় বিন্তি।
গল্পটি বাংলাদেশের জনপ্রিয় একজন কথাসাহিত্যিকের লেখা। এই ছবির পরিচালকও তিনি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবিটি তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। পাঠক, বলতে হবে এই ছবির নাম, পরিচালকের নাম ও অপলা চরিত্রে অভিনীত অভিনয়শিল্পীর নাম কী?
ছবি ও ধাঁধার উ ত্ত র
* ছবির নাম : আগুনের পরশমণি
* পরিচালক: হ্ুমায়ূন আহমেদ
* অভিনয়শিল্পী: শীলা আহমেদ