ছবি কথা বলে

ছবি কথা বলে নির্যাতিতের, কথা বলে অসহায়ের। কথা বলে বৈষম্য ও বঞ্চনার শিকার সমাজের সব শ্রেণির নারীর। সমাজের এসব নারীর রয়েছে ভূমিদস্যুদের বিরুদ্ধে, সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা। অভিজ্ঞতা আছে আপন বাবা-ভাইদের বিরুদ্ধে যুদ্ধেরও। নারীর অভিন্ন সেই অভিজ্ঞতার গল্প ক্যামেরার চোখে লিখেছেন আলোকচিত্রী কাকলী প্রধান।
ক্যামেরার সেই গল্পগুলো নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক পত্রিকা মাধ্যম এবং ‘অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ (এএলআরডি)-এর যৌথ উদ্যোগে ‘না’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, মধুর ক্যানটিন, ডাকসু ভবন এবং রাজু ভাস্কর্য এলাকায় ছড়ানো ছিল গতকাল থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীটির আয়োজন। প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
ভূমিকেন্দ্রিক নারী নির্যাতন ও সহিংসতার গল্প নিয়ে কেন এ প্রদর্শনী—সে বিষয়ে কাকলী প্রধান বলেন, ‘নয় বছর ধরে সমাজের বিভিন্ন পর্যায়ের নির্যাতিত নারীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, বিভিন্ন কারণে নারীরা নির্যাতিত হলেও প্রায় সব নির্যাতনের প্রধান কারণ ভূমি বা জমি দখল।’
কাকলী প্রধান বলেন, ‘জন্মের পর থেকেই নারীরা ঘরে, সমাজে এবং রাষ্ট্রে প্রতিনিয়ত “না”-এর শিকার হয়। খুবই সচেতনভাবে আমরা এ শব্দটার জালে আটকে পড়েছি। তাই প্রদর্শনীর নাম “না”।’
এএলআরডির চেয়ারপারসন খুশী কবির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও সাংবাদিক দিল মনোয়ারা।