ছবি দুটি নিয়ে যা হলো

ঈদের ছবি নিয়ে আগে এমনটি হয়নি। ঢালিউডের বড় বাজেটের যৌথ প্রযোজনার দুই ছবির কী হবে, ঈদের চার দিন আগেও সেটি ছিল অনিশ্চিত। একদিকে ছবি শেষ, প্রচারণা তুঙ্গে; অথচ ছাড়পত্র পাওয়া না-পাওয়া নিয়ে জটিলতা।
শাকিব-শুভশ্রীর নবাব এবং জিৎ-শুভশ্রী-ফারিয়ার বস ২–এর বিপক্ষে নিয়ম না মেনে তৈরির অভিযোগ ওঠে। ছবি দুটি মুক্তির বিরুদ্ধে অবস্থান নেন চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। অন্যদিকে ছবি দুটি মুক্তি না পেলে ঈদে দেশের সব হল বন্ধ রাখার হুমকি দেয় প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্ট সমিতি। সেসব খবর নিয়মিত জানানোর চেষ্টা করেছি আমরা। চলুন, আরও একবার জেনে নেওয়া যাক নবাব ও বস ২ নিয়ে যা হলো।

পাঁচ দিনে ছবি শেষ?
নবাব ছবিটি নির্মাণের অনুমতি মিলেছিল গত ৩০ মে। প্রিভিউর জন্য ছবিটি জমা দেওয়া হয় ৫ জুন। মাত্র পাঁচ দিনেই নির্মিত হয়ে গেল ছবি? না, অনুমতি তো মিলবেই। সেটা জেনে অনুমতি নেওয়ার আগেই ছবি বানানো শেষ করেছিলেন নির্মাতারা। এ নিয়েই আপত্তি ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর।
নিয়ম না মেনে নির্মাণ!
১৮ জুন তথ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। অভিযোগ: বস ২ এবং নবাব ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা (২০১২) ভেঙেছে। সেখানে বলা হয়, ভারতের তুলনায় বাংলাদেশি শিল্পী ও শুটিং লোকেশন কম। এ ছাড়া দুটি দেশের সরকারের অনুমতিও নেওয়া হয়নি।
আন্দোলনে ১৬ সংগঠন
নিয়ম মেনে নির্মাণ না করায় যৌথ প্রযোজনার ছবিগুলোকে ‘যৌথ প্রতারণা’ আখ্যা দিয়ে আন্দোলন শুরু করে চলচ্চিত্রের ১৬ সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। বিএফডিসির মূল প্রাঙ্গণ ও বাইরে মিছিল, মিটিং, ইস্কাটনে সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট ও ঘেরাও করে তারা। তাদের বক্তব্য, দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে তাই তাদের এই আন্দোলন।

আপত্তিপত্র থেকে অনাপত্তিপত্র
সেন্সর বোর্ডের সদস্যদের নিয়ে বস ২ প্রিভিউ শেষে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ২০১২ (সংশোধিত) লঙ্ঘিত হয়েছে বলে ৬ জুন চিঠি দেন চিত্রনাট্য পরীক্ষা কমিটির সভাপতি তপন কুমার ঘোষ। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকও। আট দিনের মাথায় ১৪ জুন একই ব্যক্তি আবারও চিঠি দিয়ে সুপারিশ করেন, ‘চলচ্চিত্রশিল্পের স্বার্থে যৌথ প্রযোজনায় নির্মিত বস ২ চলচ্চিত্রটি সেন্সরের জন্য প্রেরণ করা যেতে পারে।’
আন্দোলন, হাতাহাতি
ছবি দুটির ছাড়পত্র দেওয়া হবে—এমন খবরে গত বুধবার বিকেলে সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৬টি সংগঠন। আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য মো. ইফতেখারুদ্দিন নওশাদ। প্রিভিউতে অংশ নিতে যাওয়ার পথে ইস্কাটন গার্ডেন রোডে সেন্সর বোর্ডের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিটে সংবাদ সম্মেলন করে প্রদর্শক সমিতি ও বুকিং এজেন্টরা। বেলা একটার দিকে প্রেসক্লাবের সামনে হয় মানববন্ধন।

রাতে বিনা কর্তনে মুক্তির ঘোষণা
গত বুধবার রাতে জানা যায়, বিনা কর্তনে মুক্তি পেয়েছে বস ২ ও নবাব।
এই দুটি বাদে ঢালিউডে মুক্তি পাচ্ছে শাকিব-অপু অভিনীত ছবি রাজনীতি। মুক্তির কথা থাকলেও এখনো নিশ্চিত নয় শাকিব-বুবলীর রংবাজ ছবিটি।
আজ আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন
ছবি দুটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় আজ বিকেল চারটায় বিএফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন আন্দোলনকারীরা। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবার-এর সদস্যসচিব বদিউল আলম খোকন বলেন, ‘তথ্যমন্ত্রীর কাছে আর নয়। এবার আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যাব।’