আমন্ত্রণপত্রে হুমায়ূন আহমেদ লিখেছিলেন, ‘ডাক্তারের কঠিন নিষেধ—বেশি মানুষের ভিড়ে যাওয়া যাবে না, তার পরও সবাইকে নিয়ে ঘেটুপুত্র কমলা দেখার লোভ সামলাতে পারছি না। ছবি দেখে সরাসরি আমাকে গালাগালি করার সুযোগ হেলায় হারাবেন না।’ ২৯ মে স্টার সিনেপ্লেক্সে ছিল ঘেটুপুত্র কমলা ছবির বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে আমন্ত্রিত দর্শকেরা নির্বাক রইলেন বেশ কিছুক্ষণ। ঘেটুগানের দলের ভাগ্যবিড়ম্বিত এক কিশোর জহির কিংবা ‘কমলা’র জন্য সবার বুকে ছিল হাহাকার। প্রদর্শনীর শেষে হুমায়ূন আহমেদও বললেন, ‘কান্না আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, তার পরও এই ছবিটা দেখে হু হু করে কাঁদছিলাম এতক্ষণ!’ প্রদর্শনীটির আয়োজন করেছিল ঘেটুপুত্র কমলার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সেখানে ছিলেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, স্ত্রী মেহের আফরোজ শাওন, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির শিল্পী ও কলাকুশলীরা। ‘ঘেটুপুত্র কমলা হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র হতে পারে না, এটা বিশ্বাসও করি না। আবার ক্যামেরা চালু হলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা আবার ছবি বানাবই।’ প্রদর্শনীর শুরুতে বলছিলেন শাওন। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও হুমায়ূন আহমেদ শোনালেন টুকরো টুকরো কিছু গল্প, ‘ভুলেই গিয়েছিলাম, ঘেটুপুত্র কমলা নামের একটা ছবি বানিয়েছিলাম!’ ছবিতে নিজের অভিনয় দেখে ‘ঘেটুপুত্র কমলা’ চরিত্রে রূপ দেওয়া কিশোর অভিনেতা মামুন কী বলে? তার উত্তর, ‘ছবিটা দেখে কাঁদছিলাম আমি!’