শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র কমন জেন্ডার। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন নোমান রবিন। ছবির অন্যতম অভিনয়শিল্পী সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।‘কমন জেন্ডার’ আপনার প্রথম চলচ্চিত্র?হ্যাঁ, ছবিতে হিজড়ার চরিত্রে অভিনয় করেছি। ছবিতে কাজ করার সময় এক ধরনের অনুভূতি ছিল। কিন্তু পর্দায় দেখে মনেই হয়নি, আমি অভিনয় করছি। পর্দায় হিজড়াদের দুঃখ-যন্ত্রণা-কষ্ট, আনন্দ-বেদনা যেন আমাকেও ছুঁয়েছিল। ছবি দেখে আমারও চোখ ভিজেছিল। তাদের ব্যাপারে সমাজে নানা নেতিবাচক ধারণা প্রচলিত আছে। ছবিতে কাজ করার আগে ঝুঁকি মনে হয়েছিল। দর্শক ছবিটি যেভাবে দেখছেন, তাতে সেই ভয় দূর হয়ে গেছে।ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন?ঢাকায় বলাকা আর মধুমিতায়, নারায়ণগঞ্জের গুলশান প্রেক্ষাগৃহে আমি নিজেই গিয়েছি। এসব প্রেক্ষাগৃহে যথেষ্ট ভিড় দেখেছি। শো শেষ হওয়ার পর অনেক দর্শকের চোখই ভেজা দেখেছি। মনে হচ্ছে, ছবিটি আমার মতো অন্য দর্শকদেরও ছুঁয়ে গেছে।চরিত্রটির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করলেন?অভিনয়ের আগে রাস্তায় অনেক হিজড়াকে দেখেছি। সবাইকে খুব বিরক্ত করে। তাদের সঙ্গে কথা বলতে ভয় হতো। দূর থেকে তাদের চলাফেরা, কথা বলার স্টাইল দেখতাম। আর শুটিংয়ের সময় আমাদের সঙ্গে ওই রকম কয়েকজন থাকত। তারাও দেখিয়ে দিয়েছে। ওভাবে সাজার পর আমাকে অনেকেই চিনতে পারেনি। রাস্তায় ঘুরে বেড়িয়েছি, সবাই ভেবেছেন, আমিও হিজড়াদের দলের কেউ।কাজটা করার পর আপনার কেমন অনুভূতি হয়েছিল?আমার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। যেমন, ওরা সবাই খুব সেজে বাইরে বের হয়। কেন? পরে বুঝেছি, অন্যদের নিজেদের প্রতি আকর্ষণ করার জন্যই এই কাজটা তারা করে। পাতাবাহার গাছ খুব রঙিন, কিন্তু তাতে ফুল ফোটে না। হিজড়াদের জীবনও আমার কাছে সেই পাতাবাহারের মতোই মনে হয়েছে।