
প্রজাপতি মানেই বর্ণিলতা। অদ্ভুত সুন্দর পতঙ্গটির শরীরে ছড়িয়ে থাকে বিচিত্র রং আর নকশা। ফুলে ফুলে, ঝোপঝাড়ে উড়ে বেড়ানো প্রজাপতির অপরূপ সৌন্দর্য কমবেশি সবাইকে মুগ্ধ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ ভূমিকা। উদ্ভিদের পরাগায়ণেও এদের অবদান অনস্বীকার্য। পরিবেশবিজ্ঞানীদের মতে, যে দেশে যত বেশি প্রজাপতি, সে দেশের পরিবেশ তত ভালো। তবে কংক্রিট আর কোলাহলের নগর ঢাকায় প্রজাপতির দেখা মেলা ভার। তাই প্রত্যক্ষভাবে না হলেও শহুরে মানুষের জন্য ফ্রেমবন্দী করে পতঙ্গটি দেখার সুযোগ সৃষ্টি করেছেন একদল তরুণ। রাজধানীর দৃক গ্যালারির দেয়ালে শোভা পাচ্ছে প্রজাপতির বর্ণিল আলোকচিত্র।
প্রদর্শনীর শিরোনাম ‘ছবি দেখে শেখা’। এক বছর ধরে দেশের আটটি জেলা ঘুরে বিচিত্র ধরনের প্রজাতির আঙ্গিকগত বৈশিষ্ট্য ও আবাসস্থল নিয়ে কাজ করেছেন বাটারফ্লাই অব বাংলাদেশ ইনভেনটরি নামের দলটি। নানা তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি পাখা মেলা ও পার্শ্ব অবস্থা থেকে ছবি তুলেছেন প্রজাপতির।প্রদর্শনীতে সব মিলিয়ে ৬৪ প্রজাতির প্রজাপতির ৮২টি ছবির দেখা যায়। বিশাল আকারের প্রতিটি ছবিতে প্রজাপতিগুলো বৈজ্ঞানিকভাবে কোন পরিবারের অন্তর্ভুক্ত, কী ধরনের গাছে বসবাস করে এবং পাখার দৈর্ঘ্য সম্পর্কে তথ্য দেওয়া আছে। একই সঙ্গে আলোকচিত্রে প্রজাপতির নান্দনিক রূপ তুলে ধরা হয়েছে।
প্রজাপতিবিষয়ক এই ইনভেনটরি দলের সদস্য সাইফুদ্দিন সাইফ জানান, প্রায় এক বছর ধরে প্রজাপতির ছবি তোলার পাশাপাশি ডিজিটাল রেকর্ডিং ও তথ্য সংগ্রহের কাজ করেছেন তাঁরা। আগামীতে ৪০টি জেলার প্রজাপতির বৈশিষ্ট্য সংরক্ষণ ও ছবি ধারণ করার পরিকল্পনা আছে তাঁদের। তিনিসহ প্রজাপতিবিষয়ক এই ইনভেনটরি দলের সদস্যরা হলেন মীর্জা শামীম আহসান, শাহতাবুল ইসলাম, অভ্র ভট্টাচার্য, কাজী ফরহাদ ইকবাল, মনোয়ার মাহমুদ, সিকদার নিজামুল হক ও মারুফুল আলম।
প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।