ছবি দেখে ভরে যায় মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দেখার জন্য উৎসুক দর্শকের দীর্ঘ সারি—ঢাকায় এ ধরনের দৃশ্য দেখা যায়নি বহুদিন। দর্শক, বিশেষ করে যাঁরা চলচ্চিত্র বিষয়ে একটু আলাদা করে ভাবেন, তাঁরা প্রতীক্ষায় ছিলেন কিছু ভালো ছবির জন্য। স্বল্পদৈর্ঘ্য, মুক্ত কিংবা বিকল্পধারার ছবির। দর্শকের সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবারের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে। আড়ম্বর আয়োজনে বিপুল দর্শকের উপস্থিতি এ উৎসবে। ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরে উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবছর অন্তত অনূর্ধ্ব এক ঘণ্টার পাঁচটি সৃষ্টিশীল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ১০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। অবশ্য বক্তব্যে তিনি একটি যুক্তিযুক্ত শর্তও আরোপ করেছেন। পাঁচটি চলচ্চিত্রের মধ্যে ন্যূনতম একটি হতে হবে শিশুদের জন্য! শুধু তা-ই নয়, শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও তিনি ঘোষণা করেন। আরও বলেন, খুব শিগগির দেশে সমন্বিত চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করা হবে। এই নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত প্রদানের অনুরোধ জানিয়ে বলেন, সরকার চলচ্চিত্র নীতিমালার আলোকে দেশে একটি উন্নত চলচ্চিত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, উৎসব পরিচালক এম রাশেদ চৌধুরী ও বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম। উৎসবের ঘোষণা পাঠ করেন উৎসব কমিটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ। উদ্বোধনী দিনে আমন্ত্রিত দর্শক দেখল, বেশ কিছু চলচ্চিত্র। তারেক মাসুদের নরসুন্দর, ইয়াসমিন কবিরের শেষকৃত্য, পোল্যান্ডের টমাস জুরকিউইজের গ্র্যান্ডমা হ্যাজ গন ও আর্জেন্টিনার প্যাট্রিশিও প্লাজার দি এমপ্লয়মেন্ট ছবি দেখানো হয়। স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র যেন একটা নিটোল গদ্যছন্দ কবিতা। এই মুক্ত চলচ্চিত্রের অন্যতম কারণ হচ্ছে মুক্ত প্রকাশ, যা কৌতূহলী মনকে সবুজ করে রাখতে চায়। এই মুক্ত চলচ্চিত্র বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এখন আর শুধু আন্দোলন নয়, এটা পৃথক ধারায় পরিণত হয়েছে। উদ্বোধনের পরের দিনগুলোয় পাবলিক লাইব্রেরি চত্বরে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের দৃশ্যপট কি এ কথারই প্রমাণ দেয় না? মূল পাবলিক লাইব্রেরি প্রদর্শনীস্থল কেন্দ্রীয় মিলনায়তনে পরপর চারটি অধিবেশনেই প্রচুর দর্শক। বেলা ১১টা, বিকেল তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চারটি অধিবেশনের প্রতিটিতেই বিদেশি ছবির সঙ্গে বাংলাদেশের নির্মাতাদের দুটি করে ছবি দেখানো হয়। এ সময় ছবিগুলোর নির্মাতাদের পরিচয় করিয়ে দেওয়া হয় দর্শকদের সঙ্গে।এবারের উৎসবে বাংলাদেশ, ইরান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, ভারত, সুইডেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কাসহ ৩০টি দেশ অংশ নিচ্ছে। উৎসবের ছবিগুলো দেখানো হচ্ছে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, শাহবাগ আজিজ সুপার মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে। উৎসবের পঞ্চম দিন অর্থাত্ সোমবার চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও দুটি বিশেষ আয়োজন ছিল। ওই দিন আলমগীর কবির স্মারক বক্তৃতা দেন ভারতের চলচ্চিত্র নির্মাতা শাজি এন কারুন। চলচ্চিত্রে নান্দনিক তথা স্বাধীনধারা কীভাবে ব্যবহার হচ্ছে কিংবা কোন পর্যায়ে আছে, সে বিষয়টিই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন শাজি এন কারুন। একই দিন বিভিন্ন ধারার চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠিত হয় গোলটেবিল। গোলটেবিল আলোচনার বিষয়বস্তু ছিল ‘সমন্বিত জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অংশ নেন তথ্যসচিব কামাল আবদুুল নাসের চৌধুরী, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, আবদুল লতিফ বাচ্চু প্রমুখ। এর সঞ্চালনা করেন মানজারে হাসিন মুরাদ। এবারের আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম। তিনি বলেন, সাধারণ দর্শকের পাশাপাশি এ আয়োজনে চলচ্চিত্র নির্মাণে উৎসুক তরুণেরা আসছেন। দেশি-বিদেশি ভালো ছবি দেখা এবং অভিজ্ঞ নির্মাতাদের সংস্পর্শে এসে তরুণেরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। এই উৎসব তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছে। উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার চলচ্চিত্র নির্মাতা ধর্মসেনা পাতিরাজা ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌরভ সারেঙ্গি, ইরানের চলচ্চিত্র সংগঠক মোহসেন বার্মাহানি ও নাসেরালি বাকিদেহ। আগামীকাল উৎসবের সমাপনী দিন। উৎসবের পরিচালক এম রাশেদ চৌধুরী প্রথম আলোকে জানান, শ্রেষ্ঠ কাহিনিচিত্র ও শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের ওপর পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের অর্থ মূল্য এক হাজার ডলার। এ ছাড়া অনূর্ধ্ব ১০ মিনিট দৈর্ঘ্যের একটি ছবির জন্য দেওয়া হবে তারেক শাহরিয়ার স্মৃতি পুরস্কার। এটির অর্থ মূল্য ২৫ হাজার টাকা।