ছবি দেখে শেখা

দেয়ালজুড়ে ফড়িংয়ের মেলা। তার সামনে বসে বাচ্চারা ছবি আঁকছে। সব ফড়িংয়ের ছবি। তাদের সৌন্দর্য ছাড়িয়ে যায় দেয়ালের ফড়িংকেও।
দৃশ্যটি আলিয়ঁস ফ্রঁসেসের ল্যা গ্যালারিয়ার। সেখানে চলছে বেসরকারি সংস্থা জীবন বিকাশ কার্যক্রমের আয়োজনে ‘বাংলাদেশের ফড়িং, ইনভেনটরি ১ম পর্ব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল সোমবার বিকেলে ছিল ‘ছবি দেখে শেখা’ শীর্ষক ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দেয়ালের ফ্রেমে টানানো ফড়িং দেখে আঁকছিল নিজের মতো করে।
এ যেন প্রকৃতিকে খাতার মধ্যে রং দিয়ে বেঁধে নেওয়ার প্রতিযোগিতা। তাদের সরব উপস্থিতি মুখরিত করে তোলে বিকেলের আলিয়ঁস ফ্রঁসেসকে। আয়োজকেরা জানান যে প্রকৃতির এই ক্ষুদ্র পতঙ্গটির সঙ্গে এই কোমলমতি বাচ্চাদের মেলবন্ধন ঘটানোই এ অনুষ্ঠানের উদ্দেশ্য। প্রতিযোগিতার শেষে সব প্রতিযোগীকে ‘বাংলাদেশের ফড়িং, ইনভেনটরি ১ম পর্ব’ বই স্মারক উপহার হিসেবে দেওয়া হয়। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন আয়োজকেরা।
৫ আগস্ট আলোকচিত্র প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর।
১৩ আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে। খোলা থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার বেলাল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার থেকে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ।