ছবি নিয়ে ব্রিটিশ প্রচারমাধ্যমে রুহি
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলীর ‘সংগ্রাম—দ্য মুভি’ ছবিতে অভিনয়ের পর এবার সে ছবি নিয়ে ব্রিটিশ প্রচারমাধ্যমের মুখোমুখি হলেন রুহি।সম্প্রতি বিবিসি লন্ডন রেডিওর জনপ্রিয় ‘সানি অ্যান্ড সাই’ অনুষ্ঠানে রুহি তাঁর অভিনীত প্রথম ছবিটি নিয়ে কথা বলেছেন। এক ঘণ্টা ব্যাপ্তির এই সাক্ষাত্কার অনুষ্ঠানে রুহি ছবিটিতে কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে জানান।রুহি বলেন, ‘“সংগ্রাম—দ্য মুভি” আমার প্রথম চলচ্চিত্র। তাই ছবিটি নিয়ে আমার স্বপ্ন অনেক। এই ছবিতে অভিনয়ের কারণেই বিবিসি লন্ডনের মুখোমুখি হতে পেরেছি। একজন শিল্পী হিসেবে এটা অনেক সম্মানের।’ জানা গেছে, রুহির সাক্ষাত্কারটি আগামী ৯ জুন রোববার বিবিসি লন্ডনে স্থানীয় সময় বেলা একটায় প্রচারিত হবে। আর আগামী বিজয় দিবসে মুক্তির লক্ষে মনসুর আলী খান ‘সংগ্রাম—দ্য মুভি’ ছবিটির কাজ দ্রুত শেষ করছেন। ‘সংগ্রাম—দ্য মুভি’ ছবিটি ছাড়াও রুহি সম্প্রতি ‘মায়ানগর’ নামের আরেকটি ছবির শুটিং করছেন। এতে রুহি মডেল প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটিতে রুহির বিপরীতে অভিনয় করছেন তানভীর তনু।