শাবনূরের নতুন ছবি কত দিন দেখা যায় না পর্দায়? এ প্রশ্নের জবাব তিনি নিজেই হুট করে দিতে পারেননি। হ্যাঁ, অনেক দিন পর গত শুক্রবার শাবনূর অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। কথা হলো তাঁর সঙ্গে। একসঙ্গে দুটি ছবি মুক্তি পেয়েছে—‘ভালোবাসা সেন্টমার্টিনে’ এবং ‘আত্মগোপন’। দুটি ছবি নিয়ে কী প্রত্যাশা করছেন?আগেভাগে কোনো প্রত্যাশা করতে চাই না। ছবি দুটি যে মুক্তি পেয়েছে, এটাই অনেক বড় কথা। দর্শক ছবি দুটি কীভাবে নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।ছবি দুটির কাজ অনেক আগে করেছিলেন। এত দিন পর মুক্তি পাওয়ার কারণ কী? আত্মগোপন অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে কী যেন একটা সমস্যা হয়েছিল। ছবিটির পরিচালক এম এম সরকার এখন বেঁচে নেই। শহিদুল ইসলাম খোকন ভালোবাসা সেন্টমার্টিনে ছবির কাজ শুরু করেছিলেন ২০০৮ সালে। এর মধ্যে আমি দেশের বাইরে চলে যাই। ফলে অনেক দিন পর ছবিটি মুক্তি পেয়েছে। অবসর সময়ে কী করছেন?আমার ভাইবোন অস্ট্রেলিয়া থেকে এসেছে। তাদের সঙ্গে সময় কাটাচ্ছি। কিছু ছবির অফার পাচ্ছি, সেগুলোর গল্প শুনি। নিজে একটি ছবি নির্মাণের কথা ভেবেছি। সেই ছবির গল্প নিয়ে কাজ করছি। একটা স্কুল করেছি। সেটা নিয়ে কাজ করছি। এখন প্রতিদিন শুটিং নেই। কেমন লাগছে?দম বন্ধ হয়ে মরে যাচ্ছি, এমনটা নয়। কারণ, আমি মাঝেমধ্যেই কাজ করছি। আমাদের এখানে এখন ভালো গল্প নিয়ে তেমন কাজ হচ্ছে না। দর্শকের পছন্দের সঙ্গে তাল মেলাতে পারছেন না নির্মাতারা। সারা বিশ্বেই চলচ্চিত্র বদলে গেছে। আমরা কিন্তু আগের জায়গায়ই বসে আছি।