
টেলিভিশনে টক শোতে এক অতিথি একবার বলছিলেন, ‘এ দেশে একসময় হতো নির্বাক চলচ্চিত্র। এরপর এল সবাক চলচ্চিত্র। আর এখন হয় অবাক চলচ্চিত্র!’ এ সপ্তাহে অবাক হওয়ার মতো তেমনি দুটি চলচ্চিত্র দেখার ‘সৌভাগ্য’ হলো।
প্রথমটির নাম লাভ স্টেশন। বাপ্পি-মিষ্টি অভিনীত ছবিটি দেখতে গত রোববার সন্ধ্যায় গিয়েছিলাম জোনাকি সিনেমা হলে। ছবি দেখে বিনোদন পাওয়াটা যেহেতু আজকাল দুর্লভ হয়ে উঠেছে, হল কর্তৃপক্ষ মনে হলো আসনবিন্যাসের মধ্যে কিছুটা ‘বিনোদন’ রাখার চেষ্টা করেছে। অধিকাংশ আসনই ভাঙা। দেখেশুনে না বসলে ধপাস করে পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আধো অন্ধকারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গুটি কয়েক কালো কালো মাথা, পরিবেশটা কেমন যেন ভুতুড়ে লাগছিল। ভাবতে পারেন ছবি নিয়ে লিখতে বসে হল নিয়ে অত বাক্যব্যয় কেন? বিশ্বাস করুন, পর্দায় যা দেখা গেল, বর্ণনা করার জন্য সঠিক শব্দটা খঁুজে পাওয়া কঠিন। ছবির পাত্রপাত্রীদের অধিকাংশই বোধ হয় ছোটবেলায় ছড়াগান গাইতেন। চোখ গোল, ঠোট সরু করে বলা সংলাপগুলো আর যা-ই হোক,

‘স্বাভাবিক কথা’ বলে মনে হয় না। কিছু কিছু দৃশ্য ‘হজম’ করা কঠিন। পেছনের দিকে বসা যেসব দর্শক এই ‘বিশেষ’ দৃশ্যগুলো দেখে সিটি বাজালেন, তাঁদের পরিপাকতন্ত্র নিশ্চয়ই খুব উন্নত। ছবির নায়ক বাপ্পি এখনকার বাংলা সিনেমার পরিচিত মুখ। লাভ স্টেশন দেখতে বসে মনে হলো, নায়ক হতে হলে যা যা জানা দরকার, তার সবই তিনি জানেন; শুধু অভিনয়টা ছাড়া! বাপ্পি ছাড়া বাকিদের অভিনয়ই বা কেমন ছিল, দয়া করে এই কঠিন প্রশ্ন করবেন না।
পরের ছবির নাম তুই শুধু আমার। দেখা হলো কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলে। এই ছবির সবচেয়ে ভালো দিক হলো, আপনাকে পুরো ছবি দেখতে হবে, এমন কোনো নিয়ম নেই। হলে বসে থাকাটা কঠিন মনে হলে উঠে চলে আসতে পারেন। গল্প, অভিনয়, দৃশ্যায়ন—কোনো কিছুই ঠিক ‘সমালোচনার যোগ্য’ নয়। কুরুচিপূর্ণ দৃশ্যগুলো বাদ দিলেও অন্তত ছবিটাকে ‘কার্টুন ছবি’ বলে চালিয়ে দেওয়া যেত। নাচ আছে, গান আছে, মারামারি আছে, শুধু সুস্থ বিনোদনটাই অনুপস্থিত। দুই-আড়াই ঘণ্টার এই আয়োজনকে আর যা-ই হোক, চলচ্চিত্র বলা যায় না। ডিজিটাল সিনেমার নামে এসব তামাশার কী মানে, কে জানে!