ছবি পরিচালনায় ফিরছেন আমির খান
আবার ছবি পরিচালনার পরিকল্পনা করেছেন বলিউডের অভিনেতা আমির খান। এরই মধ্যে ছবির গল্প ঠিক করে ফেলেছেন তিনি। ছবিটির চিত্রনাট্য লেখার কাজও চলছে।‘মঞ্জিল মঞ্জিল’ (১৯৮৪) ও ‘জবরদস্ত’ (১৯৮৫) চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন আমির। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘তারে জমিন পার’ মুক্তি পায় ২০০৭ সালে। এর পর পেরিয়ে গেছে পাঁচটি বছর। এ সময়টাতে বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় চলচ্চিত্র পরিচালনার কাজ আর করা হয়ে ওঠেনি আমিরের।এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আবার ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটির গল্প ও বিষয়বস্তু চূড়ান্ত করেছি। চিত্রনাট্য লেখার কাজও চলছে। চিত্রনাট্যকারকে বলেছি, ধীরেসুস্থে চিত্রনাট্য লিখতে।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।আমির খান আরও বলেন, ‘এখনই ছবিটির কাজ শুরু করছি না আমি। কবে শুরু করব, তা-ও ঠিক করিনি। কারণ, আগে আমাকে “পিকে” এবং ‘‘ধুম ৩” ছবির কাজ শেষ করতে হবে। এ ছাড়া “সত্যমেভ জয়তে” টিভি শোয়ের দ্বিতীয় মৌসুমের কাজও আছে আমার হাতে।’ ছবিটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করার সম্ভাবনার কথাও জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত ৪৭ বছর বয়সী এই তারকা।