
ছবি বিনিময়
গেজেট অনুযায়ী, বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রপ্তানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি ছবি আমদানি করে দেশে দেখানো যাবে। এই হচ্ছে ছবি বিনিময়। তবে শর্ত ছিল, ঢাকার ছবির জন্য কলকাতা থেকে পাওয়া সেন্সর সনদ ও প্রদর্শনের প্রেক্ষাগৃহগুলোর প্রত্যয়ন জমা দিতে হবে তথ্য মন্ত্রণালয়ে। এরপরেই কলকাতা থেকে আনা যাবে ছবি। পরে দেখা যায়, এ নিয়ম সাফটা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। ফলে গত বছর এই শর্তের কিছু অংশ বাতিল করেন উচ্চ আদালত।
কিছুদিন আগে কলকাতা থেকে বাংলাদেশে আমদানি করা হয় রাজা চন্দ পরিচালিত ছবি কেলোর কীর্তি। বিপরীতে কলকাতায় যাওয়ার কথা ছিল ঢাকার উত্তম আকাশ পরিচালিত ছবি রাজা ৪২০। কিন্তু কলকাতায় প্রদর্শনের জন্য রাজা ৪২০ রপ্তানিকারক আরাধনা এন্টারপ্রাইজকে তথ্য মন্ত্রণালয়ে কোনো নথি জমা দিতে হয়নি। অর্থাৎ রপ্তানি করা ছবি ভারতে সেন্সর পেল কি না, কতগুলো প্রেক্ষাগৃহে দেখানো হবে, এ নিয়ে কোনো স্পষ্টতা নেই। এ থেকেই রপ্তানির বিনিময়ে আমদানি নিয়ে অসচ্ছতার প্রশ্নটি এসেছে। এর আগেও কলকাতার বেলাশেষে ছবিটির বিনিময়ে রপ্তানি করা হয়েছিল বাংলাদেশের ছুঁয়ে দিল মন।
কারা, কীভাবে অংশ নিচ্ছেন বিনিময়ে
প্রযোজক সমিতির যেকোনো সদস্যপ্রতিষ্ঠান কলকাতা থেকে ছবি আমদানি এবং বাংলাদেশ থেকে ছবি রপ্তানি করতে পারবে। তবে তারা কোন ছবি আনবেন বা পাঠাবেন, এ নিয়ে কোনো সুষ্ঠু নীতিমালা নেই। ফলে দেখা গেছে, বাংলাদেশে আমদানির ক্ষেত্রে কলকাতার সদ্য মুক্তি পাওয়া ছবি আমদানি করা হচ্ছে এবং রপ্তানি করা হচ্ছে ঢালিউডের পুরোনো ছবিগুলো। এমনকি রপ্তানি করা ছবিগুলো প্রচার-প্রচারণা এবং সিনেমা হলে দেখানোর তেমন কোনো তোড়জোড় লক্ষ করা যায়নি।
এ নিয়ে আপত্তি কাদের ও কেন
এই অসম বিনিময় নিয়ে আপত্তি ছিল ঢাকার পরিচালক, প্রযোজক ও শিল্পীদের। গত ২২ জুলাই প্রথমবার মুক্তির কথা ছিল কলকাতার ছবি কেলোর কীর্তি। ১৮ জুলাই ছবিটি প্রদর্শন বন্ধের জন্য আদালতে রিট আবেদন করেন ঢাকার এইচ এস ফিল্মসের প্রযোজক শরিফ হোসেন। পরদিন আদালত ছবির ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। এ ছাড়া ছবিটি প্রদর্শন কেন অবৈধ হবে না—জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়। এই আদেশ স্থগিত চেয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ উচ্চ আদালতের আদেশ স্থগিত করে দেন। পরে ২৯ জুলাই ছবিটি মুক্তি পায়। ঢাকার পরিচালকেরা বলছেন, রপ্তানি করা ছবিগুলো পুরোনো হওয়ায়, সেগুলো নামমাত্র মূল্যে কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং চালানো হচ্ছে কলকাতার অজপাড়াগাঁয়ের একটি বা দুটি হলে। সেসব জায়গায় ছবিটি চালিয়ে ব্যবসা করার কোনো মানসিকতা নেই রপ্তানিকারকের। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বিনিময়কৃত ছবি দুটির আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান দুটি একই মালিকের। ফলে ঢাকায় কলকাতার নতুন ছবি প্রদর্শন করে যে অর্থ তাঁরা আয় করেছেন, তাতে ঢাকার ছবি কিনে নিয়ে ফেলে রাখাই বরং তাঁদের জন্য বেশি লাভজনক।
ঢালিউডের দাবি
ঢাকার সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষোভ, ছবি-বিনিময়ের নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে না। গেজেট ও তথ্য মন্ত্রণালয়ের নথিতে থাকা শর্তগুলো মেনেই ছবি আমদানির পক্ষে তাঁরা। বিনিময়ের ছবি নির্বাচনের জন্য একটি কমিটি গঠনের কথা থাকলেও সেই কমিটি গঠিত হয়নি এখনো। ফলে আমদানি করা হচ্ছে নতুন ছবি এবং শুধু প্রযোজনা সমিতির সদস্যপদ থাকলে যেকোনো ছবি আমদানি করতে পারবেন।
ঢালিউডের দাবি, কলকাতা থেকে আমদানি করা ছবিগুলো যেভাবে জনবহুল এলাকার সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে, রপ্তানি করা ছবিগুলোর ক্ষেত্রেও তাই করা হোক। বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার মনে করেন, তথ্য মন্ত্রণালয় ঢালিউডের ছবির অভিভাবক। দেশের ছবির স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, তাঁদের সেদিকে নজর রাখা উচিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, ‘এখন যেভাবে ছবি বিনিময় হচ্ছে, সেটা সঠিক পদ্ধতি হতে পারে না। রপ্তানি করতে হবে আমাদের নতুন ছবিগুলো, দেখাতে হবে ভালো ও বড় প্রেক্ষাগৃহগুলোতে।’ এ ছাড়া তাঁদের দাবি, ঢাকা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কলকাতায় যেতে হবে। এ ছাড়া কলকাতায় কয়টি হলে সেগুলো প্রদর্শন করা হবে, সে ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে।
সমস্যা ও সমাধান
কে বা কারা ছবি আমদানি করতে পারবেন—এ নিয়ে প্রয়োজন একটি সুষ্ঠু নীতিমালা। তা ছাড়া কতসংখ্যক ছবির বিপরীতে কতগুলো ছবি আমদানি ও রপ্তানি করা যাবে, সেটিও পরিষ্কারভাবে শর্ত পূরণ করা প্রয়োজন। কোন সময়ে মুক্তিপ্রাপ্ত ছবির বিপরীতে কোন সময়ের ছবি আমদানি ও রপ্তানি করা যাবে, সে বিষয়েও পরিষ্কার নীতিমালা থাকা দরকার। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ১৫ ফেব্রুয়ারি ২০১৬ সালের গেজেটে ষষ্ঠ অধ্যায়ের ২৬ অনুচ্ছেদের ৪৯(গ)-তে বলা হয়েছে, বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটাভুক্ত দেশগুলো থেকে সমানসংখ্যক চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে আমদানি করা যাবে।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র) গৌতম কুমার ঘোষ বলেন, ‘সেন্সর সনদ’ দেখাতে হবে—এ নিয়ম এখনো বলবৎ আছে। তবে রপ্তানি করা ছবি কলকাতার প্রেক্ষাগৃহে প্রদর্শনের প্রত্যয়নপত্র জমা দিতে হচ্ছে না।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কলকাতা শুরুতে ছবি নিতেই রাজি হয়নি। এখন পুরোনো হলেও নিচ্ছে, এটাই ইতিবাচক। সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করা হবে। এসব নিয়ে তিনি শিগগিরই কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তথ্যমন্ত্রী বলেন, ‘সাফটা চুক্তির সঙ্গে সংগতি রেখে এখনকার সমস্যাগুলো কাটিয়ে পরবর্তী ছবি বিনিময়ে আমরা চলচ্চিত্র অঙ্গনের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে বসব।’