
বাঙালি ভোজনরসিক—পশ্চিমে এমন ‘দুর্নাম’ আছে। কিন্তু তারাও আসলে খেতে কম ভালোবাসে না। এমনকি হলিউডে শুধু খানাদানা নিয়েই একগাদা সিনেমা তৈরি হয়েছে। শুধু হলিউড কেন, ইউরোপের ছবিতেও এসেছে খাবার। তেমন কয়েকটি ‘ফুড মুভি’র কথা আজ জেনে নেওয়া যাক।
বিগ নাইট
ইতালি থেকে দুই ভাই প্রিমো ও সেকেন্দো আমেরিকায় আসে একটি স্বপ্ন নিয়ে। দুই ভাই স্বপ্ন দেখে আমেরিকায় তারা ইতালীয় খাবারের একটি ভালো রেস্তোরাঁ দেবে। বড় ভাই প্রিমো পাকা রাঁধুনি। আর সেকেন্দো রেস্তোরাঁর ব্যবসা দেখে। কিন্তু আমেরিকানদের খাঁটি ইতালীয় রান্না পছন্দ হয় না। প্রিমো ও সেকেন্দোর রেস্তোরাঁও তাই ডুবতে বসে। এই নিয়ে এগিয়ে চলে গল্প। হলিউডের এই ছবি ১৯৯৬ সালে মুক্তি পায়।
শকোলা
ফরাসি শব্দ শকোলার ইংরেজি প্রতিশব্দ চকলেট। ব্রিটিশ-আমেরিকান কমেডি ছবিটি মুক্তি পায় ২০০০ সালে। ভিয়ানা রোশে তাঁর মেয়ে অ্যানুককে নিয়ে আসেন ফ্রান্সের একটি ছোট্ট শহরে। মা ও মেয়ে দুজন মিলে শহরটিতে চকলেটের একটি দোকান দেয়। ভিয়ানা এতই ভালো চকলেট তৈরি করতে পারে যে কিছুদিনের মধ্যেই তার জাদুকরী চকলেট রক্ষণশীল ঐতিহ্যের এ শহরের বাসিন্দাদের মুখে মুখে। একসময় নগরের কর্তা চাইলেন, বহিরাগত এ মা-মেয়েকে শহর থেকে তাড়াবেন। তাদের চকলেট যে শহরের আচার-ঐতিহ্য সব নষ্ট করে দিচ্ছে!
টরটিলা স্যুপ
২০০১ সালে মুক্তি পায় এ আমেরিকান কমেডি-ড্রামা সিনেমাটি। মেক্সিকান-আমেরিকান মার্তিন নারানখো অভিজ্ঞ রন্ধনবিদ। তাঁর তিন মেয়ে মারিবেল, লেতিসিয়া ও কার্মেনের জন্য তিনি একটি নিয়ম বেঁধে দিয়েছেন। যত কাজই থাকুক না কেন, রোববার রাতের খাবার সবাইকে একসঙ্গে খেতে হবে। তিন মেয়ে যখন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, বাবা মার্টিন একা হয়ে পড়েন। রোববার রাতের কথা তাদের আর মনে থাকে না।
নো রিজারভেশনস
কেট আর্মস্ট্রং আমেরিকার নিউইয়র্কের এক রেস্তোরাঁর প্রধান রাঁধুনি। কাজপাগল এ নারীর জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। এর মধ্যে এক সড়ক দুর্ঘটনায় কেটের বোন মারা যায়। বোনের মেয়ে জো অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। কেট হয়ে যায় জোয়ের অভিভাবক। কিন্তু জো-কেটের সম্পর্ক ভালো হচ্ছিল না। তখন আরেক রাঁধুনি নিকোলাস পামার আসে তাদের জীবনে। নিক-জো-কেট মিলে হয় নতুন সংসার। ২০০৭ সালে ছবিটি মুক্তি পায়।
জুলি অ্যান্ড জুলিয়া
হলিউডের এই ছবি ২০০৯ সালে মুক্তি পায়। কলসেন্টারে কাজ করা জুলি পাওয়েল নিজের একঘেয়ে জীবন নিয়ে হতাশ। নিজের জীবন মজাদার করতে রাঁধুনি হতে চায় সে। তবে রান্না করতে পছন্দ করলেও ভালো হয় না। একদিন বিখ্যাত শেফ জুলিয়া চাইল্ডের লেখা ফরাসি রান্নার একটি বই দেখে জুলি ঠিক করে, পরের এক বছরে বইয়ের ৫২৪টি রেসিপি রান্না করবে। প্রতিদিন নিজের অভিজ্ঞতা লিখবে ব্লগে। এভাবেই হবে সেরা রাঁধুনি। এই কাজ করতে করতে জুলির জীবনে অনেক কঠিন সময় আসে। একসময় দেখা যাবে, জুলি পাওয়েলের সঙ্গে জুলিয়া চাইল্ডের তরুণ বয়সের সংগ্রামগুলো কীভাবে কীভাবে যেন মিলে গেছে।
আইএমডিবি ও মুভিজড্রপ অবলম্বনে