ছবিগুলো ফড়িংয়ের

চার বছর ধরে সারা দেশে করা হয়েছে জরিপ। জরিপ থেকে পাওয়া ফড়িংয়ের আলোকচিত্র নিয়ে ঢাকায় শুরু হচ্ছে প্রদর্শনী। শুক্রবার ফরাসি দূতাবাসের সংস্কৃতিচর্চা কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী ‘বাংলাদেশের ফড়িং ইনভেনটরি ১ম পর্ব’ ও বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

জল ও ডাঙার জৈবিক স্বাস্থ্য ঠিক আছে কি না, তা যাচাই করা যায় ফড়িংয়ের মাধ্যমে। বৈশ্বিক জলবায়ু বদলের প্রভাব মূল্যায়নের জন্য ফড়িংকে মডেল অর্গানিজম বিবেচনা করা হয়। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত দেশের ৩০টি জেলায় চালানো হয়েছিল জরিপ। সেই জেলাগুলো হলো ভোলা, বগুড়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, যশোর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, পঞ্চগড়, রাঙামাটি, রংপুর, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও বান্দরবান (লামা, সদর, থানচি উপজেলা)। এ ছাড়া জরিপের অন্তর্ভুক্ত ছিল লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, সাতছড়ি ন্যাশনাল পার্ক, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট, কাপ্তাই ন্যাশনাল পার্ক, হিমছড়ি ন্যাশনাল পার্ক, ভাওয়াল ন্যাশনাল পার্ক, চর কুকরি মুকরি বন্য প্রাণী অভয়ারণ্য, মাধবকুণ্ড ইকোপার্ক ও মিরপুরের জাতীয় বোটানিক্যাল গার্ডেনও।

শুক্রবার প্রদর্শনী উদ্বোধন করা হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। ফড়িংয়ের গুরুত্ব ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে বেসরকারি সংস্থা ‘জীবন বিকাশ কার্যক্রম’, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে।
লা গ্যালারির এই প্রদর্শনীতে থাকবে ৩২টি আলোকচিত্র। সোমবার থেকে বৃহস্পতি বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। চলবে ১৩ আগস্ট পর্যন্ত।