ছবিগুলো গণহত্যার, নির্যাতনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে ‘১৯৭১: গণহত্যা ও নির্যাতন’ শীর্ষক ছবি প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে ‘১৯৭১: গণহত্যা ও নির্যাতন’ শীর্ষক ছবি প্রদর্শনী দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

সারি সারি লাশ, খুবলে খাচ্ছে শকুন। কিংবা সারি সারি মানুষ পাড়ি জমাচ্ছে অজানায়। একাত্তরের এই চিত্রগুলো সবারই জানা। অপারেশন সার্চলাইট অভিযানের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তারই ফল এই ছবিগুলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বর্বরোচিত গণহত্যার এই ইতিহাস বিকৃত করার, এমনকি মুছে ফেলার চেষ্টাও করা হয়েছে বহুবার। কিন্তু টিকে আছে ইতিহাস। টিকে আছে ছবির মধ্যে। সে রকম কিছুসংখ্যক ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর উল্টো পথে চলা শুরু করেছিল দেশ। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ধূলিসাৎ করে ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। এত দিন পর কেন যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে—এ কথা বলে একটি শ্রেণি এ বিচারের বিপক্ষে কথা বলছে। তারা জানে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার এখনো চলমান।’ নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরতে তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসে এ প্রদর্শনী দেখানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুন ইউরোপের হলোকাস্ট আইনের উদাহরণ টেনে বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ ও ধর্ষিতার সংখ্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে শাস্তির বিধান করা উচিত।’ তিনি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে গণহত্যা ও নির্যাতনের ছবি প্রদর্শনের একটি স্থায়ী দেয়াল বরাদ্দের প্রস্তাব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ এম আজিজুর রহমান, ট্রাস্টি সম্পাদক শেখ বাহারুল আলম।
অনুষ্ঠানের শুরুতে দুটি গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট।