ছবিটি অনেক বিতর্ককে অর্থহীন করবে
চার ঘণ্টার ছবি। নাম একাত্তর। আমরা গিয়েছিলাম সেই ছবির নির্মাতা তানভীর মোকাম্মেলের কাছে। শুনলাম ছবিটির গড়ে ওঠার কাহিনি। বলে নিই প্রায় আড়াই শ ঘণ্টা শুটিং করা হয়েছে। প্রয়োজনীয় চার ঘণ্টা বেছে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি।খটকা লাগছে? কেন এত অপচয়? এ প্রশ্ন জেগে উঠতেই পারে। তানভীর মোকাম্মেল জানালেন, ছবিটি চার ঘণ্টার হলেও যে কারণে এত বেশি শুটিং করা হয়েছে, তা হলো, এই মানুষগুলোকে কিছুকাল পর আর পাওয়া যাবে না। তাই যিনি কথা বলেছেন, তাঁকে আর থামানো হয়নি। তথ্যচিত্রে পুরোটা ব্যবহার করা না গেলেও মহাফেজখানায় তা থাকবে। একদিন এই সাক্ষাৎকারগুলোর মূল্য হবে অপরিসীম। সাত বছর ধরে ছবিটি নিয়ে কাজ করছিলেন তিনি। কখনো অর্থের অভাবে থেমে গেছে কাজ। আবার অর্থ জোগাড় করে একটু একটু করে কাজটা করতে হয়েছে। একটা বিরক্তি থেকেই কাজে হাত দিয়েছিলেন তিনি। রাষ্ট্রের একেবারে উঁচু পর্যায় থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। ‘অথচ একাত্তর আমাদের যাপিত জীবনেরই অংশ। তাই আমরা ঠিক করেছিলাম, সময়-সুযোগ পেলে বড় একটা ছবি করব। কিন্তু কাজটা এত ব্যাপক হবে, তা শুরুতে বুঝতে পারিনি। এ যেন এক মহাসমুদ্রে ঝাঁপ দিলাম।’ বললেন তানভীর মোকাম্মেল।ছবির কাজ করেছেন কোথায়?‘ছবিটি করার জন্য আমরা বাংলাদেশের প্রায় সর্বত্রই গেছি। যেখানে গণহত্যা হয়েছে, সেখানে দৈবক্রমে বেঁচে যাওয়া মানুষের সাক্ষাৎকার নিয়েছি, নির্যাতিত নারীদের সাক্ষাৎকার নিয়েছি। শরণার্থী ক্যাম্প যেখানে গড়ে উঠেছিল, সেখানে গিয়ে সেই ক্যাম্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি। ভারতীয় সরকার শরণার্থীদের দায়িত্ব নেওয়ার অনেক আগেই স্থানীয় স্কুলশিক্ষক, বামপন্থী কর্মীরা নিজেদের অর্থে শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। তাঁদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি ওই শরণার্থীদের খুঁজে বের করে তাঁদের সঙ্গেও কথা বলেছি।’বধ্যভূমি নিয়ে অনেক কথাই বললেন তিনি। সব ঘটনাই ভয়ানক। জয়পুরহাটের পাগলা দেওয়ানের ঘটনাকে উদাহরণ হিসেবে আনা যায়। এটা সীমান্তবর্তী এলাকা। পাকিস্তানিরা আত্মগোপন করে এখানে ঘাঁটি গেড়েছিল। যারাই সীমান্ত পার হয়ে ভারতে যেতে চেয়েছে, মাসের পর মাস তাদের ধরে ধরে হত্যা করা হয়েছে। ওই এলাকায় যাওয়া যেত না লাশের গন্ধে।আক্ষেপ করলেন আর্থিক সীমাবদ্ধতা নিয়ে। ভিডিও ফুটেজ জোগাড় করতে হলে অনেক টাকার প্রয়োজন। এখনো বিভিন্ন দেশের আর্কাইভে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে তথ্যভান্ডার রয়েছে, রাষ্ট্রই পারে তা দেশে আনার ব্যবস্থা করতে।তথ্যচিত্রে কালানুক্রমিকভাবেই ঘটনাগুলো উঠে এসেছে। সাতচল্লিশ থেকেই শুরু। এরপর নানা তাৎপর্যময় ঘটনার মধ্য দিয়ে একাত্তর। প্রবাসী সরকার, ষড়যন্ত্র, রাজাকার-আলবদর, বুদ্ধিজীবী হত্যা সবই আছে এই তথ্যচিত্রে। ভারতের অনেক প্রত্যক্ষদর্শীকেই আনা হয়েছে। এর মধ্যে সিদ্ধার্থ শংকর রায়ের সাক্ষাৎকার নেওয়ার দুই সপ্তাহ পরেই তিনি মারা যান। ছবিতে পাকিস্তানি সেনাবাহিনীর ফুটেজ জোগাড় করতে বেশ কষ্ট হয়েছে। ‘বেশ কিছু আর্কাইভ ও টেলিভিশন চ্যানেল থেকে সেগুলো সংগ্রহ করেছি। তবে এগুলো সংগ্রহ করা খুব ব্যয়বহুল।’ বেশ একটু কষ্ট নিয়েই বললেন তানভীর।ফেরার আগে তিনি জানালেন, দেশের মানুষের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি বুঝেছেন, খেটে খাওয়া জনগণ মুক্তিযুদ্ধ নিয়ে বলতে পছন্দ করে। তাদের মধ্যে এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। বিভ্রান্তিটা মধ্যবিত্তের মধ্যে। আর হ্যাঁ, মানুষ হত্যা করার যত রকম নৃশংস পদ্ধতি অবলম্বন করা সম্ভব, তার সবকিছুই করেছে পাকিস্তানিরা এবং তাদের এদেশীয় দালালেরা। এই লাশগুলোর সৎকার হয়নি। অথচ যেকোনো ধর্ম বা সংস্কৃতিতেই লাশের সৎকারের কথা বলা আছে। মৃতদেহের একটা মর্যাদা আছে, সেটা ওরা মানেনি।এই সমস্তটাই আছে তানভীর মোকাম্মেলের একাত্তর তথ্যচিত্রে। মুক্তিযুদ্ধ যে আসলে ছিল এক জনযুদ্ধ, সেটাও পরিষ্কার বোঝা যাবে ছবিটি দেখলে।শেষ প্রশ্ন: আপনি কি তৃপ্ত?তানভীর মোকাম্মেল জবাব দিলেন, তৃপ্ত কি হওয়া যায়? তবে এই ছবির পর অনেক বিভ্রান্তির অবসান ঘটবে। অনেক বিতর্কই অর্থহীন হয়ে যাবে।বৈশাখী টেলিভিশনে ১৬ ডিসেম্বর ছবিটির উদ্বোধনী শো। দুই বছরের চুক্তি তাদের সঙ্গে। তবে এরই ফাঁকে ফেরিওয়ালার মতো ছবিটি নিয়ে জনমানুষের কাছে যাবেন তানভীর, দেখাবেন ছবি।