ছবিতে আবারও অজয়-কাজল জুটি!
সর্বশেষ ‘ইউ মি অউর হাম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। এরপর পেরিয়ে গেছে পাঁচটি বছর। দীর্ঘ বিরতির পর তাঁরা আবার একটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন বলে সম্প্রতি ইঙ্গিত দিলেন বলিউডের অভিনেতা, নির্মাতা ও প্রযোজক অজয়। এ প্রসঙ্গে পিটিআইয়ের সঙ্গে এক আলাপচারিতায় অজয় জানিয়েছেন, ‘নতুন একটি ছবি তৈরির পরিকল্পনা করছি। মূলত কাজলের জন্যই ছবিটি বানাতে চাচ্ছি। এতে আমরা জুটি বেঁধে অভিনয় করব, নাকি করব না—তা নির্ভর করছে এর চিত্রনাট্যের ওপর। ভালো ও মানানসই চিত্রনাট্য হাতে পেলেই কেবল জুটি বাঁধব আমরা।’অজয় আরও বলেন, ‘তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কারণ, ছবিটির কাজ একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময় এলেই বিস্তারিত সবকিছু জানিয়ে দেব আমরা।’এর আগে ‘ইউ মি অউর হাম’ ছাড়াও ‘দিল কিয়া কারে’, ‘রাজু চাচা’, ‘পেয়ার তো হোনা হি থা’ এবং ‘হালচাল’ ছবিতে জুটি বেঁধেছেন অজয় ও কাজল।