ছবিতে আমি বাংলাদেশের মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইমা সেন
রাইমা সেন

চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম বা যুদ্ধশিশু চলচ্চিত্রটি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে ১৬ মে৷ বলিউডের মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত এই ছবিটিতে উঠে এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে নির্যাতিত ‘নারীদের’দের কথা৷ এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন৷ ৯ এপ্রিল দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত রাইমা সেনের একটি প্রাসঙ্গিক সাক্ষাৎকার এখানে ছাপা হলো৷ সাক্ষাৎকার নিয়েছিলেন কুশলী নাগ
যুদ্ধশিশুর ট্রেলার দেখার পর আপনার পরিবারের প্রতিক্রিয়া কী ছিল?
রাইমা: মা তো ট্রেলারটা খুবই পছন্দ করেছেন। তিনি কিন্তু সব সময়ই আমার কাজের সমালোচনা করেন। তিনি এতটাই খুশি হয়েছিলেন, তাঁর সঙ্গে কোথাও বেড়াতে গেলেই বলতেন, ‘এদেরকে তোমার ছবির প্রোমোটা দেখাও।’ এই ছবিটা নিয়ে তাঁর অনেক প্রত্যাশা।
এই ছবি অর্ধেক শুট হওয়ার পর তো আপনাকে নেওয়া হয়েছিল। পরিচালক কীভাবে আপনাকে রাজি করালেন?
রাইমা: তিনি যখন আমাকে কল করেন, আমি কলকাতায় শুটিং করছিলাম। আমি শুনেছিলাম তিনি কলকাতায় অনেক অভিনেত্রীর স্ক্রিন টেস্ট নিয়েছেন। কিন্তু স্ক্রিন টেস্ট নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে বলে আমি যাইনি। তিনি আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দিলেন। আমি পড়লাম। দারুণ লাগল। এই ছবি নিয়ে তাঁকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল। আর আমার চরিত্রটাও খুব পছন্দ হয়েছিল, কারণ এ ধরনের কোনো কাজ আগে করিনি। তিনি তখন অনুরোধ করলেন, অন্তত তাঁর সঙ্গে দেখা যেন করি। তাই জীবনে প্রথমবারের মতো আমি অন্য কোনো শহরে গেলাম একজন পরিচালকের সঙ্গে দেখা করতে।
হোটেলে তাঁর সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন চিত্রনাট্যটা কেমন। বললাম, দুর্দান্ত। এরপর তিনি বললেন, এই ছবির জন্য তিনি পুরোপুরি তাঁর অভিনেতাদের ওপর নির্ভর করবেন। আপনারা জানেন আমি পরিচালক যা বলি, সেটাই করি। একচুলও নড়ি না। তাঁকে বললাম, আমাকে আমার মতো অভিনয় করতে দিন, আপনি শুধু ক্যামেরাবন্দী করুন। আমাকে দশটা করে টেক দিতে বলবেন না।
এই ছবিতে আমি ফিদা নামের একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছি, পাকিস্তানি সৈন্যরা যাঁকে নির্যাতন করে। ইন্দ্রনীল আমার স্বামী, একজন সাংবাদিক। আমাকে ধর্ষণ করার পর তুলে নিয়ে যাওয়া হয়। কনসেনট্রেশন ক্যাম্পে রাখা হয়। ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, তিলোত্তমা সোমরাও কাজ করেছেন। এটা ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ছবি।
শুটিং করতে গিয়ে অনেক কষ্ট সয়েছেন নিশ্চয়ই?
রাইমা: তা তো বটেই। ট্রাকের একটা দৃশ্য আছে, যেখানে আমাদের হাত-পা মোটা রশি দিয়ে বাঁধা। পাভান মালহোত্রা দরজা খুলতেই আমরা সবাই একসঙ্গে হুড়মুড় করে পড়ব। শুটিংয়ের সময় খানিকটা ওপর থেকে পড়ব বলে নিচে একটা মাদুর রাখা হয়েছিল। শুটিংয়ের সময় আমি অাঁতকে উঠেছিলাম, হায় ঈশ্বর, এটা কীভাবে আমরা করব? শেষ পর্যন্ত কাজটা করেছি, আমাদের অনেকে জখমও হয়েছে।
আরেকটা দৃশ্যে আমাদের হোসপাইপ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। আমাদের পরনে ছিল শুধু ব্লাউজ আর পেটিকোট। দিল্লির হিমহিম ঠান্ডা রাতে আমাদের পানির মধ্যে চুবিয়ে রাখা হয়েছিল। অনেক মেয়েই জ্ঞান হারিয়ে ফেলেছিল। অন্ধকার থেকে ভোরের আলো ফোটার দৃশ্যগুলোর শুটিংয়ের সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। কখনো কখনো পরিচালক আমাদের আট ঘণ্টা করেও দাঁড় করিয়ে রেখেছেন।
কখনো অনুশোচনা হয়নি, কেন ছবিটা করতে এলাম!
রাইমা: তাও হয়েছে। যখন প্রয়োজন মতো ঘুমোতে পারছিলাম না, আমি মৃত্যুঞ্জয়কে ডেকে অভিযোগ জানালাম। বললাম, টানা ১৭ ঘণ্টা ধরে শুটিং করছি, আমাদের চুক্তিতে নিশ্চয়ই এ সম্পর্কে কিছু না কিছু আছে। রাগে রীতিমতো জ্বলছিলাম। তবে এসব হতাশা কিন্তু চরিত্রটার জন্যই প্রয়োজন ছিল।
ধর্ষণ দৃশ্যগুলো কতটা কঠিন ছিল?
রাইমা: একটা খুবই স্পর্শকাতর দৃশ্য ছিল, যেখানে আমি আর আমার স্বামীর (ইন্দ্রনীল) মিলনদৃশ্য, এমন সময় পাভান মালহোত্রা এসে আমাকে ধর্ষণ করে। চিন্তা করে দেখুন, ভালোবাসাবাসির দৃশ্যটার পরেই একটা ধর্ষণ দৃশ্য! তখন আমার মনে হচ্ছিল, এ আমি কী করছি। এটা ছিল প্রচণ্ড বিভীষিকাময়। তখন আমি বললাম এই দৃশ্যে আমার আপত্তি আছে, কারণ এটা খুবই আপত্তিকর। কিন্তু পাভান আমাকে খুবই সাহায্য করল। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ।

চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম ছবিতে রাইমা সেন
চিলড্রেন অব ওয়ার: নাইন মান্থস টু ফ্রিডম ছবিতে রাইমা সেন

আপনি তো এ ধরনের দৃশ্যে কাজ করে অভ্যস্ত নন।
রাইমা: তা তো নই-ই। বাইশে শ্রাবণ-এ যখন পরমব্রতকে চুমু খেতে হলো, শুটিংয়ের আগে আমি ওকে সতর্ক করেছিলাম। বলেছিলাম, বেশি বাড়াবাড়ি কিন্তু করো না। সব সময়ই মাথায় ঘুরছিল, এই দৃশ্য দেখে মা কী ভাববে! আমার নানি নিজেও এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি। আর বাবা? তিনি তো দেখলে জ্ঞানই হারিয়ে ফেলবেন। প্রতিবারই এ ধরনের দৃশ্যে কাজ করার আগে ভেবেই মরি, বাকিরা কে কী ভাববে। মিরচ ছবিতেও একটা মিলনের দৃশ্য ছিল। এই ছবি দেখার পর বাবা তিন দিন আমার সঙ্গে কথা বলেননি। বাড়ির সব কর্মীদের নিয়ে মা ছবিটা দেখতে গিয়েছিলেন। দেখে এসে বলেছিলেন, ‘আগে তো অন্তত বলবে কী ধরনের ছবি করছ!’
কিন্তু এই ছবিতে মিলনের সেই দৃশ্য খুবই দৃষ্টিগ্রাহ্যভাবে নেওয়া হয়েছে। তবে ধর্ষণ দৃশ্যগুলোর কথা যদি বলেন, আমি বলব ইরেভার্সিবল ছবিটা দেখতে, যেখানে মনিকা বেলুচ্চি ধর্ষিত হন।