ছবিতে গানে কবিতায় রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত l ছবি: প্রথম আলো

জাতীয় জাদুঘরে গতকাল বিকেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি ছিল দর্শকের আগ্রহের মূলে। শনিবার তাঁকে নিয়ে জাতীয় জাদুঘরে ছিল দুটি আয়োজন। একদিকে তাঁর আঁকা চিত্রকর্ম, অন্যদিকে তাঁর গান-কবিতা।
কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার থেকে জাতীয় জাদুঘরের আয়োজনে শুরু হয়েছে তাঁর আঁকা চিত্রকর্মের পক্ষকালব্যাপী চিত্র প্রদর্শনী। নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এ প্রদর্শনীতে ছিল কবির চিত্রকর্মের প্রতিলিপির পাশাপাশি তাঁর লেখা চিঠি, ব্যবহার্য দ্রব্য, তাঁকে নিবেদন করা বই, সম্প্রতি ঐতিহ্য থেকে প্রকাশিত ৩০ খণ্ডে রবীন্দ্র-রচনাবলিসহ অনেক কিছু। এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, জাদুঘর বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান ও জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
উদ্বোধনের পর জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্র একাডেমির আয়োজনে শুরু হয় রবীন্দ্র উৎসব। ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’—প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, যুক্তরাষ্ট্রের রবীন্দ্র গবেষক জন থর্প ও পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী প্রমিতা মল্লিককে। জাতীয় জাদুঘর ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ। অনুষ্ঠানে উন্মোচন করা হয় রুপা চক্রবর্তী, শাহরিয়া পিউ ও বুলবুল মহলানবীশের কণ্ঠে আবৃত্তির সিডি নানা রবীন্দ্রনাথের মালা।
সংবর্ধনা ও আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় তক্ষশীলার শিল্পীদের আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে। সংগীত পরিবেশন করেন লাইসা আহমদ লিসা, মহিউজ্জামান চৌধুরী, প্রমিতা মল্লিক, ফাহিম হোসেন চৌধুরী, ছায়া কর্মকার, আজিজুর রহমান, অনুপম পাল, সেমন্তী মঞ্জুরি, রফিকুল আলম, লিলি ইসলাম, অনুপ ভট্টাচার্য, অনামিকা ত্রিপুরা প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে গীত শতদল। একক আবৃত্তি করেন দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা।